
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

সাংবাদিকের বাড়ি ও অফিসে হামলা করে ভাংচুরের পাশাপাশি লাগাতার হুমকি-ধামকির মামলায় যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ার স্টেটের সালেম সিটির বাসিন্দা টাকার কোকারলাইন (৩৩)কে ২৭ মাসের কারাদন্ড দিলো বস্টনের ফেডারেল কোর্ট। ম্যাসেচুসেটস স্টেটের ইউএস এটর্নী অফিস জানায়, স্থানীয় একজন ব্যবসায়ীর অন্যায়-অপকর্মের প্রতিবেদন প্রচার করেছিল নিউ হ্যামশায়ার পাবলিক রেডিও। এতে ক্ষ্রিপ্ত হয়ে টাকার কোকারলাইন, এরিক ল্যাবারর্জ, মাইকেল ওয়াসেলোক এবং কীনার স্যানিয়েটন সংবাদ সংগ্রহকারির বাসায় হুমকিমূলক পোস্টারিংয়ের পর আক্রমণ চালায়। এক পর্যায়ে রেডিও স্টেশনেও ভাংচুর করেছে। এই মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২৭ আগস্ট ফেডারেল কোর্ট টাকারকে উপরোক্ত সময়ের জন্যে কারাদন্ড এবং মুক্তির পর আরো ৩ বছর কর্র্তপক্ষের নজরদারিতে অতিবাহিত করার নির্দেশ দেয়া হয়েছে। অপর ৩ অভিযুক্তের বিচার এখনো শেষ হয়নি। তবে ইউএস এটর্নী অফিস নিশ্চিত করেছে যে, ল্যাবারজ এবং ওয়াসেলোক ইতিমধ্যেই নিজ অপকর্মের দোষ স্বীকার করেছেন। শীঘ্রই তাদের বিরুদ্ধেও জেল-জরিমানার রায় ঘোষণা করা হবে। চতুর্থ অভিযুক্ত বৃহস্প্রতিবার মাননীয় আদালতে দোষ স্বীকার করতে পারেন বলে সোমবার প্রাপ্ত সংবাদে জানা গেছে।
এহেন হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাবলিক রেডিওটির প্রেসিডেন্ট ও চীফ এক্সিকিউিিটভ জিম স্যাচার রোববার বলেন, সামাজিক অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জন্যে সাংবাদিকরা প্রশংসিত হবার পরিবর্তে আক্রমণের ভিকটিম হবেন-এটা ভাবতেও পারিনি। তবে আশা করবো দুর্বৃত্তদের বিরুদ্ধে বস্টন ফেডারেল কোর্টের গৃহিত শাস্তিমূলক পদক্ষেপের পর আর কেউ সাংবাদিক এবং মিডিয়া অফিসে হামলার ঔদ্ধত্ব দেখাবে না। ২০২২ সালের মার্চে পাবলিক রেডিওতে নিউ হ্যামশায়ার এলাকার বিভিন্ন ড্রাগ রিহ্যাবিলাইটেশন সেন্টারে (মাদক নিরাময় কেন্দ্র) অবস্থানরত লোকজনের মধ্যে গোপনে মাদক ও মদ সরবরাহের চাঞ্চল্যকর তথ্য প্রচার করার পরই এরিক স্পোফল্ড নামক এক ব্যবসায়ী উপরোক্ত দৃর্বৃত্তদের লেলিয়ে দেন। জানা গেছে, চলমান মামলায় এই মাদক সম্রাটকে অভিযুক্ত করা হয়নি। তার বিরুদ্ধেও আলাদাভাবে তদন্তে নেমেছে এলাকার পুলিশ। আরো জানা গেছে, মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে প্রতিরাতেই মাদক সরবরাহের নেটওয়ার্ক সম্পর্কে রেডিওতে ধারাবাহিক সংবাদ পরিবেশনকারি সিনিয়র সাংবাদিক লোরেন চুলজিয়ানের বিরুদ্ধে এই ব্যবসায়ী স্পোফল্ড গত ডিসেম্বরে মানহানীর মামলা করেছিলেন কিন্তু মাননীয় আদালত মামলাটি খারিজ করে দেন। সে সময় রকিংহ্যাম কাউন্টি সুপারিয়র কোর্টের বিচারক ড্যানিয়েল সেন্ট হিল্যায়ার বলেছিলেন যে, রেডিও স্টেশনের উপরোক্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে ৩ হাজারের মত ডক্যুমেন্ট পরীক্ষা করা হয়। সবকিছুই ছিল তথ্যনির্ভর। অর্থাৎ প্রচারিত রিপোর্ট বস্তুনিষ্ঠ থাকায় মানহানীর মামলাটি আমলে নেয়া হয়নি।



