Advertisement Placeholder

নিউইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা ২৬ সেপ্টেম্বর, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা ২৬ সেপ্টেম্বর, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

জাতিসংঘ সাধারন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস নিউইয়র্কে অবস্থানকালে এক নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায়। এটি অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে। এর পরদিন ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন ড. ইউনূস। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। নাগরিক সমাবেশ আয়োজনে বাংলাদেশ মিশন এবং কন্স্যুলেটকে সহায়তা দিচ্ছেন নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ-সহ বিশিষ্টজনেরা।

৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কন্সাল জেনারেল নাজমুল হুদার সাথে এ নিয়ে বৈঠকের পর গিয়াস আহমেদ এ সংবাদদাতাকে জানান, নাগরিক সমাবেশে কেবলমাত্র আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। কম্যুনিটির সর্বস্তরের লোকজনের তালিকা করা হচ্ছে। কনসাল জেনারেল নাজমুল হুদা এ প্রসঙ্গে বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা অনুযায়ী নাগরিক সমাবেশের প্রস্তুতি চলছে। বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীগণের সহায়তা নিচ্ছি আমন্ত্রণপত্র বিতরণের জন্যে। কম্যুনিটি অনেক বড়। দাওয়াত দিতে পারবো মাত্র ৫০০ জনকে। তাই তালিকাটি খুবই সতর্কতার সাথে করতে হচ্ছে।
জাতিসংঘ মহাসচিবের সচিবালয় সূত্রে জানা গেছে, নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ৭৯ তম সাধারণ অধিবেশনে ২৭ সেপ্টেম্বর সকালের দিকে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন। সেটি হতে পারে বেলা ১১টা থেকে একটার মধ্যে।

উল্লেখ্য, এদিনই বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা ড. মুহম্মদ ইউনূসের। জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি মহাসচিবের সাথেও ড. মুহম্মদ ইউনূসের বৈঠক হবে। বাংলাদেশের পরিস্থিতির আলোকে করণীয় নিয়ে এ সময় কথাবার্তা হবে বলে কূটনীতিকরা জানান। জাতিসংঘে বাংলাদেশের নেতা হিসেবে ড. ইউনূসের যাবতীয় কার্যক্রমের সমন্বয় ঘটাচ্ছেন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মুহিত। ‘কাউকে পেছনে না রেখে, বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবিক মর্যাদার অগ্রগতির জন্যে একত্রে কাজের সংকল্প’ হচ্ছে এবারের সাধারণ অধিবেশনের মূল স্লোগান। এটি ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা এতে বক্তব্য দেবেন।

জানা গেছে, ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসেবে ড. ইউনূস নিউইয়র্কে আসার কথা ২২ সেপ্টেম্বর। জেএফকে এয়ারপোর্টে যথারীতি কাল পতাকা প্রদর্শন ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জাতিসংঘে তার ভাষণের দিনও বাইরে বিক্ষোভ সমাবেশের অনুমতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ সংবাদদাতাকে শুক্রবার জানান, বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং নেতা-কর্মীকে গ্রেফতারের ঘটনা ঘটছে। এসবের নিন্দা-প্রতিবাদ এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে জেএফকে এয়ারপোর্টে এবং জাতিসংঘের সামনে বিক্ষোভ করা হবে। এমনকি নাগরিক সমাবেশ স্থলের বাইরেও বিক্ষোভের অনুমতি সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীরা জেএফকে এয়ারপোর্টে ড. ইউনূসকে স্বাগত জানাবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার