
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

নভেম্বরের নির্বাচনে জয়ী হতে পারলে ব্যালট যুদ্ধে তার সাথে যারা বেঈমানী করেছে ২০২০ সালে এবং এবারও করবে বলে প্রতিয়মান হলে সকলকে কঠিন শাস্তি প্রদানের হুমকি দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সোস্যাল মিডিয়া ‘ট্রুথ সোস্যাল’এ প্রদত্ত পোস্টে ট্রাম্প এই হুংকার দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন কোর্টে চলমান মামলায় যারা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, কিংবা তাকে হেনস্থার জন্যে যারা অর্থ সহায়তা দিচ্ছেন তাদের কাউকে রেহাই দেবেন না বলে উল্লেখ করেছেন। আগাম ভোট গ্রহণের প্রক্রিয়া শুরুর সময়েই ট্রাম্পের এই হৃংকার নির্বাচনী কর্মকর্তাদেরকেও শংকিত করেছে বলে শীর্ষস্থানীয় মিডিয়ায় মন্তব্য করা হয়েছে। ট্রাম্প উল্লেখ করেছেন, তাকে পরাজিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও ষোলে চড়ানো হবে।
উল্লেখ্য, ট্রাম্প এখনো মনে করেন যে, ২০২০ সালের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন, ষড়যন্ত্র করে তার ফলাফল ছিনতাই করা হয়েছে। শুধু তাই নয়, ঐ নির্বাচন ইস্যুতে বেশ কটি মামলাতেও তাকে হয়রানির চেষ্টা চলছে। ট্রাম্প বলেছেন, আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হবেন এবং তারপরই সকলের বিরুদ্ধে আইনগত কঠোর পন্থা অবলম্বন করবেন। জয়ী হয়ে ২০ জানুয়ারি শপথ গ্রহণের পরই শুরু করবেন বেঈমানদের শায়েস্তার ধারাবাহিক পদক্ষেপ। ট্রাম্প ওই পোস্টে উল্লেখ করেছেন, বিজ্ঞ কয়েকজন অ্যাটর্নি এবং আইনে খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ টিম গড়েছি, তারা সকলেই নির্বাচনী কার্যক্রমে নজরদারি করছেন। আমি নিজেও দৃষ্টি রেখেছি ইলেকশন অফিসারদের ওপর। ২০২০ সালের নির্বাচনে ডেমক্র্যাটরা যে ধরনের জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে আমার ফল হাইজ্যাক করেছে, এবার তেমন সুযোগ দিতে চাই না। সেটি ছিল আমাদের জাতির জন্যে একটি লজ্জার ব্যাপার। তাই আগাম ভোট শুরুর আগেই সকলকে সতর্ক করলাম। আইনকে অন্যায়ভাবে ব্যবহারের ন্যুনতম সুযোগ আমি দেব না।
ট্রাম্প আরো উল্লেখ করেছেন, আমরা আমাদের দেশকে তৃতীয় বিশ্বের রাষ্ট্রে পরিণত হতে দিতে পারি না, দেবোও না। তাই অনুগ্রহপূর্বক সতর্ক থাকুন যে, আমার এই হুশিয়ারি অসৎ অ্যাটর্নি, রাজনৈতিক নীতি-নির্ধারক, চাঁদা দাতা এবং ভুয়া ভোটার এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তাদের জন্যে প্রযোজ্য।
ট্রুথ সোস্যালের পর একই হুংকার সম্বলিত আরেকটি পোস্ট দিয়েছেন ‘এক্স’ (ট্যুইটার)এও। কারণ ট্রুথ সোস্যালের চেয়ে ‘এক্স’-এ ট্রাম্পের সমর্থকের সংখ্যা অনেক বেশী।
ট্রাম্পের এমন হৃংকারের জবাবে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার টিমে অতি সম্প্রতি যোগদানকারী অ্যাটর্নি মার্ক ইলিয়াস সোস্যাল মিডিয়া ‘এক্স’-এ প্রদত্ত পোস্টে বলেছেন, ‘আমরা ট্রাম্পকে আমাদের ভয় দেখাতে দেব না। আমরা তাকে ভোটারের মধ্যে ভীতির সঞ্চার ঘটাতেও দেব না। আমরা তাকে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাতেও দেব না। আমরা তাকে প্রতারণা করতে দেব না। আমরা লড়ে যাবো এবং ব্যালট যুদ্ধে জয়ী হবো।



