
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯৪ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের কারণে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস নিউইয়র্কে আসার সময়সূচিতে পরিবর্তন ঘটেছে। এরফলে বিএনপি-আওয়ামী লীগের পরস্পর-বিরোধী কর্মসূচিতেও ভাটা পড়েছে বলে শনিবার রাতে প্রাপ্ত সংবাদে জানা গেছে। কারণ, নতুন সময়সূচি অনুযায়ী সোমবার রাত ১০টার দিকে জেএফকে-তে অবতরণের কথা ড. ইউনূসকে বহনকারি যাত্রীবাহী বিমানের। রাত ৯টার পর এয়ারপোর্টে বিক্ষোভের জন্যে নির্ধারিত স্থানে অনেক মানুষকে অবস্থান করতে দেবে না নিরাপত্তা রক্ষীরা।
জানা গেছে, আগের কর্মসূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর দুপুরের ফ্লাইটে ড. মুহম্মদ ইউনূসের জেএফকে এয়ারপোর্টে অবতরণের কথা ছিল। তা এগিয়ে আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে ২৪ সেপ্টেম্বর দুপুরে ড. ইউনূসের বৈঠকের ব্যবস্থা হওয়ায়। জাতিসংঘ সদর দফতরে অথবা বাইডেনের হোটেল কক্ষে হতে পারে ঐ বৈঠক।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানাতে বিএনপির কর্মসূচিও বাতিল করা হয়নি বলে জানালেন নিউইয়র্কে বসবাসরত কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। গিয়াস জানালেন, বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা রাত ১০টা নাগাদ এয়ারপোর্টে থাকবো বাংলাদেশের নেতাকে অভিনন্দন ও স্বাগত জানাতে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এয়ারপোর্টে মুহম্মদ ইউনূসকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মোহিত-সহ কূটনীতিকরা।
জানা গেছে, মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের দ্বিতীয় বক্তা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই বেশ কটি দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের দ্বি-পাক্ষিক বৈঠক হবে। ড. ইউনূসের সাথেও বৈঠকে মিলিত হবেন বাইডেন। এই বৈঠকের পরই সন্ধ্যায় জাতিসংঘের একটি মিলনায়তনে ‘জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি’ অনুষ্ঠান হবে। সেখানে বিশ্ব নেতাদের স্বাগত জানাবেন ড. ইউনূস। গত ৫ দশকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এবং বিভিন্ন ফোরামে বাংলাদেশের অবদানের প্রসঙ্গ-সহ সামনের দিনগুলোতে জাতিসংঘে বাংলাদেশের কর্মকর্তাগণের অন্তর্ভুক্তি বাড়ানোর আহবান জানাবেন ড. ইউনূস।
উল্লেখ্য, ৫৭ সদস্যের প্রতিনিধি দলের নেতা হিসেবে ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন মুহম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এটাই সবচেয়ে কম প্রতিনিধির অংশগ্রহণের ঘটনা হবে বলে কূটনীতিকরা জানান। তবে, নিউইয়র্ক সফরের আলোকে স্থানীয় গণমাধ্যম কর্মীগণের সাথে মুহম্মদ ইউনূসের মিলিত হবার নিশ্চয়তা এ সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এর আগেই ২৬ সেপ্টেম্বর নাগরিক সমাবেশে মুহম্মদ ইউনূসের বক্তব্যের কর্মসূচিও বাতিল করা হয়েছে।



