
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

গত ২০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম খুনের ঘটনা ঘটেছে গত বছর অর্থাৎ ২০২৩ সালে। সোমবার এ তথ্য প্রকাশ করেছে এফবিআই।
সারা আমেরিকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী ১৬৩৩৪টি বাহিনীর কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এফবিআই আরও জানিয়েছে, ২০২২ সালে প্রতি লাখ আমেরিকানের মধ্যে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৬.৫টি করে। গত বছর তা কমে ৫.৭টি হয়েছে। আগের বছরের তুলনায় গতবছর সহিংসতা কমেছে ৩%, খুন এবং অবহেলাজনিত হত্যাকাণ্ড কমেছে ১১.৬%, ধর্ষণের ঘটনা ৯.৪% এবং সহায়-সম্পদ নিয়ে হানাহানির ঘটনা কমেছে ২.৪%।
এফবিআই প্রদত্ত তথ্যে আরও জানা গেছে, ২০০৪ সাল অর্থাৎ ২০ বছর আগের চেয়ে গত বছর খুন, ধর্ষণ, ছিনতাই, লাঞ্ছিত করার ঘটনা অনেক কমেছে। তবে গত বছর গাড়ি চুরির ঘটনা বেড়েছে ২০%।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে কঠোর সমালোচনা করছেন যে, গত ৩ বছরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জনজীবনে স্বস্তি নেই। চলতি পথেই শুধু নয়; নিজ বাড়িতেও আক্রান্ত হচ্ছে অনেকে। এমন পরিস্থিতি গত ৫০ বছরের মধ্যে কখনো ছিল না বলেও মন্তব্য করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। সেদিকে ইঙ্গিত করে এফবিআইয়ের এই তথ্যকে সামনে এনে ‘ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যাচারে চ্যাম্পিয়ন’-এমন মন্তব্য করা হচ্ছে শীর্ষস্থানীয় গণমাধ্যমের টক শো-তে। ভোটের ময়দানে এমন মিথ্যাচার রুখে দিতে ডেমোক্র্যাটদের যত্নবান হবার পরামর্শও দিচ্ছেন সচেতন নাগরিকেরা।



