
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৪৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউজার্সি স্টেটের মনমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোস্যাল ওয়ার্ক’র ডীন ও অধ্যাপক ড. গোলাম এম মাতবর জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ শিক্ষার প্রসারে এক অনন্য নাম। পেশাদার সমাজকর্মী এবং উচ্চ শিক্ষায় নিবেদিত যুক্তরাষ্ট্রের ৭০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও নিবন্ধনকারি প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন সোস্যাল ওয়ার্ক এডুকেশন’ (সিএসডব্লিউই)’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন এবং সিএসডব্লিউই’র ৫টি কমিশনের অন্যতম ‘গ্লোবাল সোস্যাল ওয়ার্ক কমিশন’র সভাপতির দায়িত্ব পালন করছেন ২০২২ সালের জুলাই থেকে।
সম্পতি ‘উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান সোস্যাল ওয়ার্ক এসোসিয়েশন’ (এনএসিএএসডব্লিউএ)’র সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মাতবর। চার বছর মেয়াদি এ কমিটির কার্যকাল শুরু হয়েছে গত জুলাই থেকে এবং তা বহাল থাকবে ২০২৮ সাল নাগাদ। এছাড়াও ড. মাতবর বিশ্বের প্রায় ৪ হাজার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারি ‘ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব স্কুল অব সোস্যাল ওয়ার্ক’র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ডীন মাতবর হলেন প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি ‘আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ (এআইবিএস)র নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দুই টার্মে (২০১২-২০১৬ এবং ২০১৬-২০২০)’র দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন।
ড. মাতবরের আন্তর্জাতিক নেতৃত্বের পরিসর ব্যাপক। ড. মাতবর ২০০০-২০০১ সালে ‘ক্যানাডিয়ান এসোসিয়েশন ফর দ্য স্টাডি অন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’র নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুফল হিসেবে পরের টার্মে (২০০১-২০০২) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোস্যাল ডেভেলপমেন্ট’র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের শিক্ষা প্রসারে নিবেদিতপ্রাণ ড. গোলাম মাতবর যুক্তরাষ্ট্র এবং আমেরিকার মধ্যেকার শিক্ষা ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরো বেগবান করতেও সচেষ্ট রয়েছেন। সাদা-মাটা জীবন-যাপনে অভ্যস্ত নিউজার্সিতে বসবাসরত ড. মাতবর পেশাগত জীবনের ঘনিষ্ঠ সকল সেমিনার-সিম্পোজিয়ামে সাড়া দিতে কখনো কার্পণ্য করেন না। বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি সম্পর্কিত যে কোন আলোচনায় নিজের অভিজ্ঞতা-গবেষণার প্রয়োগ ঘটাতেও দ্বিধা করেন না এই শিক্ষানুরাগী।
কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের কইয়ারবিল নামের এক প্রত্যন্ত ইউনিয়নের সম্মানিত ‘নজর আলী মাতবর পরিবারে’ জন্মগ্রহণকারী গোলাম মাতবর কুতুবদিয়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সমাজকল্যাণ), এমএসএস (সমাজকল্যাণ), এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অধ্যাপক মাতবর কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি এমএসডব্লিও এবং সমাজকর্ম অনুষদ, ক্যালগেরি বিশ্ববিদ্যালয়, কানাডা থেকে সামাজিক নীতি বিশ্লেষণের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. মাতবর বিশ্ববিখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবস্থাপনা উন্নয়ন প্রোগ্রাম’ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। ২০২২ সালের ১ জুলাই থেকে ড. মাতবর নিউজার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব সোশ্যাল ওয়ার্ক (হিউম্যান রাইট সলিডারশীপ)’র অধ্যাপক এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।



