
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১৯০ বার পঠিত | পড়ুন মিনিটে

মানব-সেবায় নিরন্তরভাবে সরব থাকায় সুবিতা রানী সুতারকে (সবিতা দাস) অনরারি ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ‘ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনারি ইন্টারন্যাশনাল’। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে চলতি ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চ্যান্সেলর অধ্যাপক মাইকেল পি পিটজেল ‘মানবতার দর্শনে অনরারি ডক্টরেট ডিগ্রি’র সনদ সবিতা দাসকে বিপুল করতালির মাধ্যমে হস্তান্তর করেন।
এ সময় সেখানে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রশাসনের চীফ ড. রবিন এ লকোকো। যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মীয় উচ্চ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের অনরারি ডক্টরেট ডিগ্রি লাভের অনুভূতি প্রকাশকালে নিরব সমাজ-সংগঠক সবিতা দাস এ সংবাদদাতাকে বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমাজকর্মের এমন সম্মান পাওয়ায় সামনের দিনগুলোতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।
বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কন্ঠশিল্পী সবিতা দাস বলেন, জাতিসংঘ ফোরাম থেকে এই সম্মান প্রাপ্তির ক্ষেত্র তৈরীর জন্যে কম্যুনিটি প্রিয়জনদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। তারাই আমাকে দীর্ঘদিন যাবত সমাজসেবায় উৎসাহিত ও অনুপ্রাণীত করেছেন। আশা করছি সামনের দিনগুলোতে সহযোগিতার এই দিগন্ত আরও প্রসারিত হবে।



