
প্রতিদিন ডেস্ক | বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে

ভোলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আধাবেলা পালনের পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, জনগণ বিএনপির হরতাল সমর্থন করে সফল করেছেন। আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করছি।
এদিকে, হরতাল সমর্থনে ভোর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেন। ভোলা সদর রোডের কালীনাথ বাজার এলাকায় দলীয় কর্যালয়ের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা।
উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন। বুধবার (৩ আগস্ট) বিকেলে তিনি মারা যান।



