Advertisement Placeholder

অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই

খ্যাতনামা অভিনেতা জামালউদ্দিন হোসেন ৮১ বছর বয়সে ১১ অক্টোবর শুক্রবার কানাডার ক্যালগেরিতে রকভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সময় শনিবার ১২ অক্টোবর বাদ যোহর (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা) ক্যালগেরিতেই জানাযা শেষে তাকে দাফনের প্রস্তুতি চলছে বলে স্বজনেরা জানান।

উল্লেখ্য, তার পুত্র তাসফিন হোসেন তপু কানাডার ক্যালগেরিতে অবস্থিত মাউন্ট রয়েল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক হিসেবে চাকরি করছেন। গতমাসের শেষার্ধে আটলান্টা থেকে ছেলের বাসায় গিয়েই অসুস্থবোধ করেন। এরপর তাকে নেয়া হয় ওই হাসপাতালে। চিকিৎসকরা জানান, জামালের মূত্রনালীতে ইনফেকশন হয়েছে। সেই চিকিৎসার মধ্যেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর তাকে লাইফ সাফোর্টে রাখা হয়েছিল। এ তথ্য জানান অধ্যাপক তপু।

উল্লেখ্য, এক দশকেরও অধিক সময় যাবত স্ত্রী অভিনয়শিল্পী রওশন আরা হোসেনকে নিয়ে জামালউদ্দিন আমেরিকা ও কানাডায় বাস করছিলেন। তার ছেলে কানাডায় এবং মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের কাছেই থাকতেন এবং প্রবাসের সতীর্থদের নিয়ে অভিনয়-জগতেও সরব ছিলেন এই দম্পতি। ২০১৩ সালে তিনি একুশে পদক পান।

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। জামাল ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে তিনি ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নামে আরেকটি নাট্যদল গড়ে তোলেন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এবং বেতার টেলিভিশন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রাণী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’সহ কয়েকটি মঞ্চ নাটকে নির্দেশনাও দিয়েছেন তিনি।

চট্টগ্রাম কলেজে এইচএসসির পর বুয়েটে উচ্চতর ডিগ্রিধারী জামাল ছিলেন সহপাঠি এবং সহঅভিনেতা-অভিনেত্রীদের প্রিয় একজন মানুষ। নিউইয়র্ক অঞ্চলে বীর দর্পে সকল সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার পদচারণা। মানবিকতার আকুতি নিয়েও মাঝেমধ্যে তাকে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে। তার মৃত্যুতে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিনয় শিল্পীদের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার