
প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৪ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১২৪ বার পঠিত | পড়ুন মিনিটে

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার ন্যাটো সদস্য হওয়ার জন্য ফিনল্যান্ড এবং সুইডেনের আবেদন অনুমোদন করে সরকারী নথিতে স্বাক্ষর করেছেন। এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের পার্লামেন্ট ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশের অনুমোদন দেয়। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।
৩০টি ন্যাটো দেশের মধ্যে প্রায় ২৩টি দেশ ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশের অনুমোদন দিয়েছে। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে প্রবেশের অনুমোদন নথিতে স্বাক্ষর করেন। এদিন, বাইডেন ফিনল্যান্ড এবং সুইডেনের প্রশংসা করে বলেন, উভয়েরই ‘শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শক্তিশালী সামরিক বাহিনী এবং শক্তিশালী ও স্বচ্ছ অর্থনীতি’ রয়েছে যা এখন ন্যাটোকে শক্তিশালী করবে।
গত মে মাসে দুই নর্ডিক দেশ সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগদানের আবেদন করার পর ‘গুরুতর সামরিক ও রাজনৈতিক পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল রাশিয়া। তবে রাশিয়ার হুশিয়ারি উপেক্ষা করেই সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটো জোটে যোগদানের জন্য জোটের চুক্তি সংস্থার ৩০ জন সদস্যকেই অবশ্যই আনুষ্ঠানিকভাবে সম্মত হতে হবে। তবে ন্যাটোর একটি তালিকা অনুযায়ী, চেক প্রজাতন্ত্র, গ্রীস, হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্পেন এবং তুরস্ক তাদের প্রবেশে এখনও আনুষ্ঠানিকভাবে সম্মত হয়নি।
এদিকে ফিনল্যান্ড এবং সুইডেনকে তাদের সদস্যপদ সমর্থন করার জন্য কিছু শর্ত দিয়েছে তুরস্ক। আঙ্কারা তার সমর্থনের বিনিময়ে উভয় দেশের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত কয়েক ডজন সরকার বিরোধীদের প্রত্যর্পণের দাবি করেছে।



