
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২৮ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৭০ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন কংগ্রেসে শিক্ষা এবং শ্রমবিষয়ক কমিটির এক পর্যালোচনায় উদ্বেগজনক তথ্য উদঘাটিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলসমূহের শিক্ষার্থীর এক তৃতীয়াংশ পড়ছে শহুরে, উপশহর এবং প্রত্যন্ত অঞ্চলের স্কুলে-যেখানে যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপূরক পরিবেশ নেই। মার্কিন শিক্ষা বিভাগের সরেজমিন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এমন অবিশ্বাস্য খবর প্রকাশিত হয়েছে কংগ্রেস থেকে।
মার্কিন শিক্ষা নীতি অনুযায়ী সকল পাবলিক স্কুলে একই ধরনের ব্যবস্থা চালু থাকার কথা। কিন্তু বর্ণ ও জাতিগত বিভেদ দৃশ্যমান হবার মত পরিস্থিতি বিরাজ করছে শহুরে ও গ্রামীন স্কুলসমূহে। এরফলে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরী হয়েছে-যা কারো কাম্য নয়। অর্থাৎ এসব শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধের পরিপূরক পরিবেশ যেমন অনুপস্থিত, একইভাবে শিক্ষার কারিক্যুলামও চরমভাবে উপেক্ষিত।
ইউএস জেনারেল একাউন্টেবিলিটি অফিস (U.S. General Accountability Office) সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ শিক্ষা বর্ষে এক কোটি ৮৫ লাখ শিক্ষার্থী এমন সব স্কুলে গেছে যেগুলো একই বর্ণ আর গোত্রের জন্যে নির্ধারিত (?)। অর্থাৎ এসব পাবলিক স্কুলের শিক্ষার্থীর ৭৫% হচ্ছে একই বর্ণ অথবা একই গোত্রের। এমন কিছু স্কুল রয়েছে যেগুলোর ৯০% শিক্ষার্থী হচ্ছে একই গোত্র অথবা বর্ণের এবং এসব স্কুলে ভিন্ন গোত্র-বর্ণের শিক্ষার্থীর হার মাত্র ১৪%। অর্থাৎ শহুরে, উপ-শহর এবং গ্রামাঞ্চলের এসব পাবলিক স্কুলে শ্বেতাঙ্গ শিক্ষার্থীর হার মাত্র ১৪%। প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৩ হাজার ৫০০টি পাবলিক স্কুলকে একই বর্ণ-গোত্রের পাবলিক স্কুল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এসব স্কুল একটি থেকে আরেকটির দূরত্ব ১০ মাইলের কম।
কংগ্রেসনাল কমিটির এই উদঘাটনকে সাধুবাদ জানিয়েছেন সুধীজন। শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্য অব্যাহত থাকলে প্রকারান্তরে যুক্তরাষ্ট্রের মৌলিক চেতনা বিলুপ্ত হয়ে পড়বে এবং মানবিক মূলবোধ ক্ষয় হয়ে যাবে-এমন মন্তব্য সচেতন সমাজের। বহুজাতিক এ সমাজের শিক্ষার্থীর জন্যে সমান সুযোগ-সুবিধার অঙ্গিকার রয়েছে সংবিধানে, এতদসত্বেও বিশেষ শ্রেণী-গোষ্ঠির স্বার্থে গ্রামাঞ্চলে খেঁটে খাওয়া পরিবার তথা অভিবাসী পরিবারের সন্তানেরা চরমভাবে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগের পরই কংগ্রেস এই বিশ্লেষণ চালিয়েছে।



