
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য হাইমার্স ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে নিউজউইক।
হাইমার্স ও গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (জিএমএলআরএস) তৈরি করে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।
লকহিড মার্টিনের একটি কারখানা রয়েছে আরকানসাস রাজ্যের ক্যামডেন শহরে। সম্প্রতি ওই কারখানা পরিদর্শন করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অ্যাকুইজিশনবিষয়ক আন্ডার সেক্রেটারি উইলিয়াম লাপ্লানতে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানা পরিদর্শন শেষে ওই কর্মকর্তা হাইমার্সের উৎপাদন বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমরা ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রেখেছি। গুরুত্বপূর্ণ অস্ত্র ও অস্ত্রব্যবস্থার উৎপাদন বাড়াতে আমরা সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছি।
এর মধ্যে রয়েছে আরও অস্ত্র কেনার জন্য তহবিল সরবরাহ, উৎপাদন বাড়ানো এবং আরও কর্মী নিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করা।
রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনীয় বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র হাইমার্স।
ইউক্রেন এখনও হালকা ওজনের ও কাঁধে বহনযোগ্য ওই অস্ত্র মোতায়েন করেছে। এর মাধ্যমে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলাও চালানো যায়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে। এর অংশ হিসেবেই ইউক্রেনকে আরও হাইমার্স ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে।



