
বিশ্ব ডেস্ক | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই যুক্তরাজ্যের নতুন রাজার স্বীকৃতি পেয়েছেন তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস (৭৩)। রানির মৃত্যুর খবর দিয়ে রাজপ্রাসাদ বাকিংহাম প্যালাস থেকে যে বিবৃতিতে দেওয়া হয় তাতে চার্লসকে যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবেই উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে চার্লসের স্ত্রী ক্যামিলিয়াকে ‘কুইন কনসোর্ট’ হিসেবেও সম্বোধন করা হয়। খবর সিএনএন।
নতুন রাজা তৃতীয় চার্লস (কিং চার্লস থ্রি) হিসেবেই পরিচিতি বা জ্ঞাত হবেন বলে বাকিংহাম প্যালেসের পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীনতম রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর অপরাহ্নে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্কটল্যান্ডের বালমোরাল প্যারাসে গ্রীষ্মকালীন অবকাশযাপনকালে তার মৃত্যু হয় বলে বাকিংহাম প্যালেসের এক বিবৃতির বরাতে বিবিসি জানায়।
বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্যালাসে সামার অবকাশযাপনকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন । পরক্ষক্ষেই চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। এরমধ্যেই প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের অন্যসব সদস্যরা বালমোরাল প্যালেসে জড়ো হতে থাকেন। এ অবস্থায় বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, রানি এলিজাবেথের পুরো নাম এলিজাবেথ আলেজান্দ্রা ম্যারি। জন্ম ১৯২৬ সালে। ডিউক এবং ডাচেজ অব ইয়র্কের প্রথম সন্তান তিনি।



