
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ২৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য ও বাংলাদেশে মার্কিন পণ্যের প্রসার এবং উভয় দেশে বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর অভিপ্রায়ে ৩দিনব্যাপী বিজনেস এক্সপো নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ২৩-২৫ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘এক্সপোর্ট-ইম্পোর্ট অর্পচ্যুনিটি ফর ইউএস-বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ স্লোগানে এই আয়োজন সম্পর্কে বিস্তারিত অবহিত করেন হোস্ট সংগঠন ‘ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট লিটন আহমেদ।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘মুনলাইট গ্রীল’র মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরো কথা বলেন বিডার মাসুদ এ খান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, হোস্ট সংস্থাটির ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের পরিচালক কাজী হেলাল আহমেদ, পরিচালনা পর্যদের সদস্য শেখ ফরহাদ, রিমন বিরটিজি এবং আব্দুল কাদের ভূইয়া।
এ সময় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দুটি দেশের ব্যবসায় নতুন ক্রেতা, সরবরাহকারি এবং বিনিয়োগ সৃষ্টির সুযোগ রয়েছে। সে আলোকে এই এক্সপো একটি বি২বি ট্রেড শো, কনফারেন্স এবং নেটওয়ার্কিং ইভেন্ট। আমাদের লক্ষ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের ব্যবসায়ীগণের রপ্তানি-প্রস্তুত পণ্য আন্তর্জাতিক বাজারে প্রসারিত করতে সহায়তা করা।

আরো জানানো হয়, এতে অংশগ্রহণের মাধ্যমে পেশাদার এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করা, মতবিনিময় এবং বিনিয়োগের সুযোগ-সুৃবিধা সম্পর্কে জানার অবাধ সুযোগ থাকবে।
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে দুই শতাধিক প্রতিনিধি ও স্টেকহোল্ডার অংশ নেবেন এবং এই এক্সপোর উদ্বোধন করবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ূন। অতিথি হিসেবে আমস্ত্রণ জানানো হয়েছে ইউএস সিনেটে মেজরিটি লিডার চাক শ্যুমার, নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকোল, সিটি মেয়র এরিক এডামস, কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর জন ল্যু প্রমুখ নেতৃবৃন্দকে।
২৩ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে শুরু হওয়া এ এক্সপোর মিডিয়া পার্টনারের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি, এনআরবি কানেক্ট টিভি। সার্বিক সহযোগিতাকারির অন্যতম হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি।
মার্কিন মুল্লুকে বাংলাদেশি-আমেরিকানদের পরিচালনাধীন একটি ব্যবসায়িক সংস্থার উদ্যোগে দীর্ঘতম এই বিজনেস এক্সপোর কো-পার্টনার হয়েছে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় এবং নিউইয়র্কের ক্ষুদ্র ব্যবসা দপ্তর। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিডা, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন, ব্রুকলীন এবং কুইন্স চেম্বার অব কমার্স।



