
নিউইয়র্ক প্রতিনিধি | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের প্রয়াত সংসদ সদস্য (১৯৭৩-১৯৭৯) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আবু নাছের চৌধুরীর স্মৃতিচারণ এবং তার সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব নাজমুল চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান হয় ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে কোম্পানীগঞ্জ ভবনে।
বিভিন্ন শ্রেণী-পেশার সরব উপস্থিতির এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির সোয়া দুই শত বছরের ইতিহাসে প্রথম মুসলমান এবং প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ। শাহানা তার বক্তব্যে নোয়াখালীবাসীর প্রিয় মানুষ আবু নাছের চৌধুরী প্রসঙ্গে বলেন, একাত্তরের বাঙালির স্বাধীনতা যুদ্ধে তার অবদান অপরিসীম। তার মত বড় মনের মানুষের প্রয়োজন প্রতিটি সমাজ ও সম্প্রদায়ে। শাহানা বহুজাতিক এই সমাজে নিজের কর্মকাণ্ডের আলোকে বলেন, একইধারায় আমিও কাজ করছি অভিবাসী সমাজের সামগ্রিক মুক্তি আর কল্যাণের লক্ষ্যে। শাহানা সকলের দোয়া চেয়েছেন মানুষের সেবায় নিজের কর্মকাণ্ড আরো জোরদার কল্পে।
অপর বক্তারা বলেন, মরহুম নাছের চৌধুরী কোম্পানীগঞ্জে জনগনের জন্য যে অবদান রেখে গেছেন তা বিবেকসম্পন্ন মানুষেরা কোনদিন ভুলবে না।
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কম্যুনিটি লিডার মোশাররফ হোসেন সবুজ, আহছান উল্লাহ বাচচু, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জে আবু নাছের চৌধুরী প্রতিষ্ঠিত সরকারী মুজিব কলেজের সাবেক ছাত্র নেতা, দাগনভুইয়া সমিতির সাবেক সভাপতি সাংবাদিক শহীদ উল্লাহ কাইছার, খায়রোল ইসলাম মিন্টু, এরফানুল হক, আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী নঈম টুটুল প্রমুখ। 
স্মরণ-সমাবেশে অতিথি বক্তার মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ এবং ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডা. রবি আলম।
মরহুম আবু নাছের চৌধুরীর সন্তান নাজমুল চৌধুরী বলেন, আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত সৈনিক ছিলেন। তিনি কোনদিন পদের জন্য লোভ করেন নাই। জাতিকে উন্নত করতে হলে শিক্ষার প্রয়োজন মনে করেই তিনি মজিব মহাবিদ্যালয়সহ কোম্পানীগঞ্জে বেশ ক’টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার পরপরই। নাজমুল চৌধুরী উল্লেখ করেন, এখন আর আগের মত রাজনীতি নেই।
নানা কর্মব্যস্ততা সত্বেও এ অনুষ্ঠানকে সফল করার জন্য নাজমুল চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সভাপতি রব চৌধুরী এবং সেক্রেটারী রুহুল আমিন সিদ্দিকীসহ কর্মকর্তারা এলে আয়োজকরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেন। পরে কম্যুনিটি লিডার ইউছুফ জসিম সকলকে পরিচয় করিয়ে দেন বিপুল করতালির মধ্যে। এরপরে সভাপতি রব মিয়া এবং সেক্রেটারী রুহুল আমিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জেহাদী এবং দারুল জান্নাহ মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল।



