
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে

মার্কিন দূতাবাসে প্রেরিত স্মারকলিপির কপি।
নোয়াখালী অঞ্চলের কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নে ভূমি জরিপের নামে ইউনিয়নের নিরীহ জনগণ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উত্থাপন করে ২৪ সেপ্টেম্বর ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কারণ, এহেন ঘুষ-দুর্নীতির ভিকটিমের সিংহভাগই আমেরিকা প্রবাসী। স্মারকলিপিতে ভূমি জরিপের নামে অসহায় মানুষদের জিম্মি করে অর্থ আদায়কারি কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কস্থ ‘চর হাজারী কল্যান ফাউন্ডেশন’র পক্ষ থেকে এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সংগঠনের আহবায়ক মিজানুর রহমান। এ প্রসঙ্গে মিজানুর রহমান ৬ অক্টোবর এ সংবাদদাতাকে জানান, স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে যে, নিউইয়র্কে চর হাজারির দুই শতাধিক পরিবার ছাড়াও মধ্যপ্রাচ্যের লক্ষাধিক প্রবাসী সহকারি কমিশনার (ভূমি)’র এহেন অপকর্মের ভিকটিম। স্থানীয় প্রশাসন বরাবরে অভিযোগ করেও প্রবাসীরা কাঙ্খিত বিচার পাননি বলে রাষ্ট্রদূত বরাবরে আবেদন জানাতে বাধ্য হয়েছি। আবেদনের কপি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ বরাবরেও বিতরণ করা হয়েছে বলে মিজানুর রহমান জানিয়েছেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ভূমি জরিপের নামে মূলত: কোম্পানীগঞ্জের সহকারি কমিশনার (ভূমি), ল্যান্ড রেকর্ডার এবং সার্ভেয়াররা চর হাজারী এলাকার জমি-মালিকদের থেকে জনপ্রতি ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিচ্ছে । মিজানুর রহমান উল্লেখ করেছেন, প্রবাসী-বান্ধবের দাবিদার শেখ হাসিনা সরকার সমীপে অনুরোধ রাখছি উপরোক্ত অনাচারে লিপ্তদের বিচারের আওতায় আনার পাশাপাশি সততার সাথে ভূমি জরিপ পরিচালনার পদক্ষেপ গ্রহণের জন্যে।



