
নিজস্ব প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ঈদে মিলাদুন্নবী (স.) এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উপলক্ষে ১৬ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শতশত প্রবাসীর সমাগম ঘটেছিল প্রিয়নবীর জন্মদিনের আলোচনা-সমাবেশে। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দিনাজপুরের ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা-সভাপতি মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহমেদ আল বোখারি। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলাম।
অতিথি হিসেবে আরো মঞ্চে উপবেশন করেন কম্যুনিটি লিডার গিয়াস আহমেদ, কাজী নয়ন, কাজী আজম, নূরুল আজিম এবং ভাইস কন্সাল আসিফ আহমেদ। সভাপতিত্ব করেন বিশাল এ আয়োজনের হোস্ট ‘ঈদ-এ মিলাদুন্নবী (স.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকার ইনক’র আহবায়ক আলী আকবর বাপ্পী এবং সামগ্রিক পরিচালনায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সদস্য-সচিব মোহাম্মদ সেলিম হারুন। শুরুতে নাতে রাসুল প্রতিযোগিতায় আল-কোরআন একাডেমির তরুণ-তরুণীরা অংশ নেয়।

বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মোহাম্মদ হানিফ, খোরশেদ খন্দকার, রুহুল আমিন সিদ্দিকী, আবু তালেব চান্দু, মনির আহমেদ, আবু তাহের, নাজিম উদ্দিন, সোলায়মান আলী, মাকসুদ চৌধুরী, নবী হোসেন, হেলাল মাহমুদ, তারেকুল হায়দার চৌধুরী, কামাল হোসেন মিঠু, মীর কাদের রাসেল,আইয়ুব আনসারী, মোহাম্মদ আরিফ, মতিউর চৌধুরী, সাইদ এম রেজা, আবু জাফর মাহমুদ প্রমুখ। দলমত-নির্বিশেষে প্রবাসীদের এ সমাগমে ডিনার পরিবেশন করা হয় পর্যায়ক্রমে। শিশুরাও ছিল মা-বাবার সাথে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই এ আয়োজন হলেও এবারের উপস্থিতি ছিল অনেক বেশী। করোনা থেকে জেগে উঠার পরিক্রমা এক্ষেত্রে সকলকে উৎসাহিত করেছে বলে আয়োজকরা জানান। বিশেষভাবে লক্ষণীয় ছিল যে, চট্টগ্রাম সমিতি নিয়ে বিবাদ-বিভক্তি থাকলেও এ অনুষ্ঠানে তা পরিলক্ষিত হয়নি। সম্প্রীতির বন্ধনে সকলেই দোয়া-মাহফিল ও ডিনারে অংশ নেন।



