
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে

সদ্য-সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বাইডেনের ডেমক্র্যাটিক পার্টির অনেক প্রার্থী পুনরায় বিজয়ী হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে সীমান্ত সুরক্ষায় চরম ব্যর্থতা। প্রতিদিন হাজার হাজার মানুষের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার ঘটনা যথাযথভাবে হ্যান্ডেল করতে সক্ষম হচ্ছে না বাইডেনের সীমান্ত সুরক্ষা বাহিনী-ভোট প্রদানের পর অধিকাংশ ভোটার এমন মন্তব্য করেছেন বলে বিভিন্ন জরিপে প্রতিয়মান হয়েছে। আর এ কারণেই ‘কাস্টমস এ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার’ (সিবিপি) ক্রিস ম্যাগনাসকে অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়েছে বাইডেন প্রশাসন। আর এটি হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেনের ‘ভুল সংশোধন’র প্রথম পদক্ষেপ। তবে পদত্যাগের আহবানে সাড়া দেননি ক্রিস ম্যাগনাস।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা দফতরের প্রধান হিসেবে এই প্রথম একজন সমকামীকে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে ১১ নভেম্বর উল্লেখ করা হয়েছে যে, ক্রিস ম্যাগনাসের প্রতি সেই দপ্তরের ৬০ হাজার কর্মচারির যে ট্রেড ইউনিয়ন রয়েছে, তার সমর্থন অব্যাহত থাকায় ক্রিস ম্যাগনাস পদত্যাগে আগ্রহী নন। ফলে হোয়াইট হাউজের সাথে এক ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছে এই দুপ্তর। বিব্রতবোধ করছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেজান্দ্রো এন মেয়রকাস এবং উপমন্ত্রী জন টীন। ক্রিস ম্যাগনাস (৬২) এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘বিষয়টি আমি স্পষ্ট করতে চাই যে, পদত্যাগের কোন ইচ্ছা আমার নেই।
জন টীনের ডিপার্টমেন্টাল টুইটার একাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা যায়। আর এতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিবিপি কমিশনার। এ অবস্থায় হয়তো শীঘ্রই জন টীনকে বরখাস্তের নির্দেশ জারি করতে হবে হোয়াইট হাউজ থেকে। এমনটি করতে হলে তাহলে সাম্প্রতিক সময়ে নঝরিবিহীন একটি ঘটনা। প্রসঙ্গত: উল্লেখ্য যে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্র্তক সীমান্ত সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সে সব ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বাইডেন ক্ষমতা গ্রহণের পর।
গত দু’বছরে লাখ লাখ বিদেশী বেআইনীপথে যুুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। সীমান্তবর্তী টেক্সাস, আরিজোনা, ক্যালিফোর্নিয়া স্টেট প্রশাসনকে বিচলিত করেছে এ রকম অবস্থা। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট প্রতিক্রিয়ার জের পড়েছে ডেমক্র্যাটদের ভোটের ময়দানে। কংগ্রেসের নিম্নকক্ষের নেতৃত্ব হাত ছাড়া হবার পথে। ঝুলে রয়েছে সিনেটের নেতৃত্ব অটুট রাখার পরিক্রমা।



