
স্পোর্টস ডেস্ক: | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এমন একটা ভবিষ্যদ্বাণী করেই দিয়েছে ফিফা ২৩, সেটাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম ক্যাহিলের অভিমত, আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপে ব্রাজিলই তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতবে।
সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের অভিমত, দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনার। চার বিশ্বকাপে সকারুজদের হয়ে খেলা এই তারকা জানালেন, ‘আমি আশা করব অস্ট্রেলিয়া কাজটা করতে পারবে, কারণ আপনি আপনার দেশ ভালো করুক এমনটাই চান।’
আর্জেন্টিনাকে হারাতে হলে কী করতে হবে, সে টোটকাটাও বাতলে দিলেন দলকে। বললেন, ‘আমরা যদি মেসিকে আটকে দিতে পারি, তাহলে আর্জেন্টিনাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারব আমরা।’
অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জানালেন, আফ্রিকান দলগুলোও এবার ছেড়ে কথা বলবে না। বললেন, ‘যখন আপনি ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকাবেন, তখন দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়েই যাচ্ছে।’



