
বিশ্ব ডেস্ক | সোমবার, ১৩ জুন ২০২২ | প্রিন্ট | ১৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে

রীতিমতো বোমা ফাটালেন রাশিয়ার স্টেট ডুমার (সংসদের নিুকক্ষ) স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞা নীতির প্রেক্ষাপটে শিগগিরই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জি-৮ নামে নতুন একটি জোটের। জার্মানিতে ২৬ থেকে ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জি৭ শীর্ষ সম্মেলন। এর প্রাক্কালে ১১ জুন এক টেলিগ্রাম বার্তায় ভলোদিনএ কথা জানান।
টেলিগ্রামে ভ্যাচেস্লাভ জানিয়েছেন, ওয়াশিংটন ও তার মিত্রদের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ বিশ্বে প্রবৃদ্ধির নতুন মাত্রা দিয়েছে।
রাশিয়ার পার্লামেন্ট স্পিকারের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার পরিস্থিতিতে সমমনা আট দেশ নিয়ে আরেকটি জোট প্রতিষ্ঠার দিকে যাচ্ছে। জোটে চীন, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ইরান ও তুরস্ক এ আটটি দেশ থাকছে বলেও দাবি করেছেন তিনি। তবে এ ব্যাপারে ওই সাত দেশের সঙ্গে রাশিয়ার কথা হয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এবং দেশগুলোর তরফেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
শিল্পোন্নত ছয় দেশের বলয় নিয়ে জি-৬ গঠিত হয়েছিল ১৯৭৫ সালে। সে সময় জোটের সদস্য ছিল-ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
১৯৭৬ সালে জোটে যোগ দেয় কানাডা। তখন এর নাম হয় জি-৭। ১৯৯৭ সালে রাশিয়া যোগ দেওয়ার পর জোটটির পরিচয় দাঁড়ায় জি-৮ নামে। এর পর ২০১৪ সালে ইউক্রেনের অঞ্চল ক্রিমিয়া দখল করে নেয়ার কারণে জোট থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে। আবার জোটটির নাম হয় জি-৭।
এদিকে,গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। আশা করা হচ্ছে এ সম্মেলন শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত বৈঠকের জন্য কিয়েভ সফর করবেন ফ্রান্স, ইতালি ও জার্মানির রাষ্ট্রপ্রধানরা।
প্যারিসের সরকারি সূত্রের বরাত দিয়ে জার্মান প্রকাশনা বিল্ড অ্যাম সোন্তাগ জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি জুনের শেষ দিকে কিয়েভ সফরে যেতে পারেন। প্রতিবেদনটি বলছে, এই নেতাদের লক্ষ্য ইউরোপীয় ঐক্য ও ইউক্রেনের সমর্থন জোরদার করা। ওলাফ শোলৎজের সভাপতিত্বে জি-৭ শীর্ষ সম্মেলন ২০২২ এর আয়োজক জার্মানি।
এ সম্মেলন অনুষ্ঠিত হবে বাভারিয়ান আল্পস পর্বতমালায়। ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এ সম্মেলনে শোলৎজের পাশাপাশি থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সম্মেলনে সাত দেশের প্রতিনিধিদের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।



