
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ১৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের বিরুদ্ধে আরো বড় ধরনের স্যাঙ্কশন (অবরোধ) দেয়া হচ্ছে বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে গুজবের মধ্যেই যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, রিফ্যুজি এবং অভিবাসন সম্পর্কিত ব্যুরোর প্রতিমন্ত্রী (সহকারী সেক্রেটারি) জুলিয়েটা ভ্যালস নয়েস যাচ্ছেন ঢাকায়। ৩ ডিসেম্বর শনিবার থেকে ৭ ডিসেম্বর বুধবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে স্টেট ডিপার্টমেন্ট এ সংবাদদাতাকে নিশ্চিত করেছে ২ ডিসেম্বর শুক্রবার দুপুরে।
৭ ডিসেম্বরই তিনি ঢাকা থেকে থাইল্যান্ডে যাবেন বলেও উল্লেখ করেছেন কর্মকর্তারা। ঢাকায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে বৈঠকে মিলিত হয়ে রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় প্রদানের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি এনজিও (জাতীয় এবং আন্তর্জাতিক)’র শীর্ষ কর্মকর্তাগণের সাথেও রোহিঙ্গা শরনার্থীদের বিষয়ে কথা বলবেন। মার্কিন কর্মকর্তারা আরো জানিয়েছেন, বার্মায় ক্রমবর্দ্ধমান মানবিক সংকট থেকে পালিয়ে আসা রোহিঙ্গা এবং অন্যান্য শরনার্থীদের আশ্রয় দেয়ার জন্যে বাংলাদেশের উদারতার জন্যে মার্কিন প্রশাসনের কৃতজ্ঞতা আবারো প্রকাশ করতেই মূলত: এই প্রতিমন্ত্রী ঢাকায় যাচ্ছেন।
বিরাট সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের পরিপ্রেক্ষিতে কী ধরনের পরিস্থিতি সামাল দিচ্ছে বাংলাদেশ এবং রোহিঙ্গা শরনাধীদের ব্যাপারে সবধরনের সহায়তার যে অঙ্গিকার রয়েছে- যুক্তরাষ্ট্র তা পালন করতে বদ্ধপরিকর বলেও সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করবেন এই প্রতিমন্ত্রী (In Bangladesh, Assistant Secretary Noyes will meet with government officials to express our gratitude for their generosity in hosting Rohingya and other refugees fleeing the worsening humanitarian crisis in Burma. She will meet with non-governmental and international organization partners to highlight the U.S. commitment to supporting the Rohingya refugee response and impacted host communities.)
এদিকে, বাইডেন প্রশাসনের এই প্রতিমন্ত্রীর ঢাকা সফরের সংবাদ আনুষ্ঠানিকভাবে প্রচারের আগেই বাংলাদেশি আমেরিকানদের একটি অংশের মধ্যে জোর প্রচারণা চালানো হয় যে, উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা ঢাকা সফরের পর শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ অনেকের বিরুদ্ধে আরেকটি স্যাঙ্কশন আসবে। অর্থনৈতিক অবরোধে ফেলার অভিপ্রায়ে এহেন স্যাঙ্কশনের রটনা শুক্রবার পর্যন্ত নিউইয়র্ক, ওয়াশিংটন মেট্র এলাকার অলি-গলিতে ঘোরপাক খাচ্ছিল। জামায়াত-শিবিরের অর্থে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমেই মূলত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচির আলোকে। তবে মার্কিন পররাষষ্ট্র মন্ত্রণালয় থেকে উপরোক্ত সফরের মূল বিষয় প্রকাশের পর অপপ্রচারে লিপ্তরা হতাশ হয়েছে বলে শোনা যাচ্ছে।



