
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধান তদন্ত কর্মকর্তা এটর্নী ইমরান আহমেদ। ছবি-সংগ্রহ।
বাংলাদেশি বংশোদ্ভ’ত এটর্নী ইমরান আহমেদের তদন্তে উদঘাটিত হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কস্থ দুটি কোম্পানীর টানা ১৫ বছরের ট্যাক্স ফাঁকির ঘটনাবলি এবং সেই মামলায় ৬ ডিসেম্বর ট্রাম্পের কোম্পানীকে দোষী সাব্যস্থ করেছেন ম্যানহাটানে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জুরিবোর্ড। জুরিবোর্ডের সিদ্ধান্ত ঘোষণার পর ম্যানহাটান ডিস্ট্রিক্ট এটর্নী আলভিন এল ব্রেগ জুনিয়র গণমাধ্যমকে বিস্তারিত অবহিত করেন।
কারণ, মামলাটি নিয়ে গত ৩ বছর ধরেই নানা কথা শোনা যাচ্ছিল। দোষী সাব্যস্থ ট্রাম্পের মালিকানাধীন কোম্পানী দুটির নাম হচ্ছে ‘দ্য ট্রাম্প কর্পোরেশন’ এবং ‘ট্রাম্প প্যারোল কর্পোরেশন’। গত ১৩ বছর ধরেই নানা ফন্দি-ফিকিড় করে মোটা অংকের ট্যাক্স ফাঁকি দেয় কোম্পানী দুটি-তা মাননীয় আদালতে প্রমাণিত হয়েছে। ব্যবসায় আয়-ব্যয়ের তথ্য গোপন করে ট্যাক্স ফাঁকি দেয়া হয়েছে। উল্লেখ্য, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আরো কয়েকটি তদন্ত চালানো হচ্ছে অপরাধের অভিযোগে। গুরুতর অপরাধে ফৌজদারি আইনে মামলার মুখে রয়েছেন ট্রাম্প। সেটি হচ্ছে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় ট্রাম্পের সম্পৃক্ততা। নিউইয়র্ক স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমসও গত ৩ বছর যাবত তদন্তে রয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। দোষী সাব্যস্থ করা হয়েছে কোম্পানী দুটিকে। এজন্যে ব্যক্তি ট্রাম্পকে শাস্তি প্রদানের সুযোগ না থাকলেও কোম্পানী দুটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
জরিমানা করা হচ্ছে দেড় মিলিয়ন ডলারের মত। কোম্পানী পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ দুই কর্মকর্তাকেও পরবর্তীতে ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হতে পারে। উল্লেখ্য, সামনের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রার্থী হবার ঘোষণা দেয়ার সপ্তাহখানেক পরই ট্রাম্প-কোম্পানীকে দোষী সাব্যস্ত করা হলো। ইতিমধ্যেই ট্রাম্পের গত ৬ বছরের ট্যাক্স রিটার্নের বিস্তারিত তথ্য আইআরএস থেকে কংগ্রেসে সাবমিট করা হয়েছে। সেখানেও ট্যাক্স ফাঁকির গুরুতর অভিযোগ রয়েছে বলে ডেমক্র্যাটরা তদন্তে নেমেছেন। আরো উল্লেখ্য, নিউইয়র্কের এই কোম্পানী দুটির ব্যবসা-বাণিজ্যের সূত্রেই টেলিভিশন রিয়েলিটি শো’র মধ্যমণি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার সিড়ি খুঁজে পেয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্পের এই কোম্পানী দুটির ট্যাক্স ফাঁকির কৌশল উদঘাটনের জন্যে সরেজমিন তদন্তে নেতৃত্ব দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সিলেটের অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদের বড় নাতি এটর্নী ইমরান আহমেদ। তাঁর বাবা নিউজার্সিতে বসবাসরত ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ তারেক এবং মা রাজিয়া আহমেদ। ইমরানের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে সজ্জন এবং সমাজ-সংগঠক বীর মুক্তিযোদ্ধান ডা. জিয়াউদ্দিনের ভাতিজা। কয়েক বছর আগে ইমরান নিউইয়র্ক স্টেটের সহকারি এটর্নী জেনারেল থাকাবস্থায় নিউইয়র্কের একটি পাকিস্তানী ফার্মেসী ও চিকিৎসক চক্রের জালিয়াতি ও প্রতারণার তথ্য উদঘাটনের পর সংশ্লিষ্ট সকল অপরাধীর জেল-জরিমানা হয়। সে ঘটনার জন্যে স্টেট গভর্ণর এটর্নী ইমরানকে বিশেষভাবে পুরষ্কৃত করেছিলেন।
সুুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, তদন্তে উদঘাটিত তথ্য-উপাত্ত জুরি বোর্ডে সাবমিট করা হয়। সেখানে ছিল আভিজাত্য কায়দায় ট্যাক্স ফাঁকির কৌশল, যার নেতৃত্বে ছিলেন ট্রাম্প ‘দ্য ট্রাম্প কর্পোরেশন’র চীফ ফাইন্যান্সিয়াল অফিসার অ্যালেন উইসেলবার্গ এবং কন্ট্রোলার জেফরী ম্যাককনী। উল্লেখ্য, তদন্তের শুরুতেই ১৫টি গুরুতর অপরাধে জড়িত থাকার দায় স্বীকার করেন অ্যালেন। তিনি বিচারের সময় মাননীয় আদালতে প্রতারণার সবকিছু উপস্থাপন করেছেন। এজন্যে তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে আলাদা একটি মামলা হয়েছে, সেটির বিচার শুরু হবে পরবর্তীতে। জানা গেছে, দুটি কোম্পানীর বিরুদ্ধে জরিমানা ও শাস্তির ধরণ ঘোষণা করা হবে আসছে জানুয়ারিতে। তবে, ইতিমধ্যেই ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন যে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে।



