
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

আমেরিকা প্রবাসী দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জামালপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি ) সন্ধ্যায় জামালপুর জেলা শহরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিরা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং জামালপুর সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে পরিচিতি পর্বের পর দুই মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক লাবলু আনসার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক বলেন, কর্মরত সাংবাদিকগণের পক্ষ থেকে প্রদানকৃত এই সম্মানের গুরুত্ব অপরিসীম। এরফলে নানাভাবে বিভক্ত সমাজের লোকজন মুক্তিযুদ্ধের চেতনায় আরো বেশী উজ্জীবিত হবার অনুপ্রেরণা পাবেন। স্বাধীনতার ৫১ বছর পর প্রবাস জীবনেও আমরা বাঙালি চেতনা, কৃষ্টি ও কালচারকে নতুন প্রজন্মে প্রবাহিত রাখতে সচেষ্ট রয়েছি। এক্ষেত্রে দেশ ও প্রবাসের সাংবাদিকগণের দায়িত্ব অপরিসীম।
মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক বন্ধুগণ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবেন বলে আশা পোষণ করেন সংবর্ধিত দুই মুক্তিযোদ্ধা।
এ সময় সাংবাদিক সুশান্ত কানু, সুজিত রায়, বজলুর রহমান, জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মোঃ সুরুজ্জামান, আনোয়ার হোসেন মুক্তা, মাহফুজুর রহমান, সাঈদ পারভেজ তুহীন, আয়নাল হক কালাচাঁন, মনজুরুল হক, রাশেদুল ইসলাম রাসেল, মিঠু আহমেদ, আলী আকবর ও মাহমুদুল হাসান মুক্তা সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।



