
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্কে শতকন্ঠে বৈশাখ বরণের প্রস্তুতি সভায় শিল্পী-সংগঠকরা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্কে ১৪ থেকে ১৬ এপ্রিল তিনদিনব্যাপি শতকণ্ঠে বর্ষবরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শতকণ্ঠে বর্ষবরণ উদযাপন পর্ষদের পক্ষ থেকে এ ঘোষণা দেন সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান।
বর্ষবরণের ঘোষণার পর তিন ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও শতকণ্ঠে বর্ষবরণের মহড়া হয়। মহড়া পরিচালনা করেন মহীতোষ তালুকদার তাপস।
মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী তাজুল ইমাম পাপেট শো’র মহড়া করেন। বর্ষবরণ উদযাপন পর্ষদের প্রধান সমন্বয়ক শামীম আল আমিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এ আয়োজন করবে এনআরবি ওয়াল্ডওয়াইড।
শতকণ্ঠে বর্ষবরণের ঘোষণার সময় মঞ্চে ছিলেন গোলাম ফারুক ভূইয়া, ফাহিম রেজা নূর, দর্পণ কবীর, জলি কর, রাশেদ আহমেদ, শীতেশ ধর, নুরল বাতেন, আলপনা গুহ, দীমা নেফারতিথি এবং সবিতা দাস।
আয়োজক সংগঠন এনআরবি ওয়াল্ডওয়াইডের সভাপতি বিশ্বজিত সাহা বলেন, ১৪৩০ সালের পহেলা বৈশাখের ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলের আদলে শতকণ্ঠে বর্ষবরণ করা হবে। থাকবে মঙ্গল শোভাযাত্রার ব্যাপক আয়োজন। দুদিনব্যাপী থাকবে চিরায়ত বাংলার বৈশাখী মেলা।
এনআরবি ওয়াল্ডওয়াইড এর সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, এবারের বৈশাখ উদযাপনে নিউইয়র্কের মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছি ।
বর্ষবরণের এই মহড়ায় প্রগতিশীল সংগঠনের মধ্যে ছিল প্রকৃতি, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, চারুকণ্ঠ, অনুপ দাস ডান্স একাডেমি (আড্ডা), শিল্পকলা একাডেমী ইউএসএ, বাংলাদেশি আমেরিকান কালচারাল একাডেমি অ্যান্ড আর্টিস্ট এসোসিয়েশন এবং প্রজন্ম ৭১। আরও তিনটি মহড়া অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।



