
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ক্যাটফিশ
ভারতের গরু-খাশী-ভেড়া-ছাগলসহ যে কোন প্রাণীর মাংস, হাস-মুরগীর মাংস অথবা ডিম যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। একইভাবে ক্যাটফিশও নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের খাদ্য নিরাপত্তা-পরিদর্শন সার্ভিসের পক্ষ থেকে ৪ ফেব্রুয়ারি জানানো হয়েছে যে, অতি সম্প্রতি ২৯০০ পাউন্ডের বেশি হিমায়িত ক্যাটফিশের প্যাকেটগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ এগুলো বিক্রি এবং বাজারজাত করা নিষিদ্ধ।
নিউজার্সি এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক ‘ডিলাইট ফুডস’ একটি খাদ্য আমদানিকারক সংস্থা এগুলো ভারত থেকে এনেছে। যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ক্যাটফিশ স্বাস্থের জন্যে ক্ষতিকারক। জানা গেছে, ডিলাইট ফুডস যুক্তরাষ্ট্রে ভারতীয় খাদ্য পণ্য আমদানিতে বিশেষজ্ঞ। এতদসত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে হিমায়িত ক্যাটফিশ আমদানী করায় সংশ্লিষ্ট মহল ক্ষুব্ধ হয়েছে।
ভবিষ্যতে, অনুমতি রয়েছে এমন পণ্য জাহাজ থেকে খালাসের ক্ষেত্রে কঠোর নজরদারির শিকার হতে হবে বলে অনেকে মনে করছেন। উল্লেখ্য, সাউথ কোরিয়া থেকে ক্যাটফিশ আমদানির হিড়িক পড়েছিল। এজন্যে গত জুনে খাদ্য মন্ত্রণালয় কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে এই মাছের বিরুদ্ধে।
তবে কেবলমাত্র ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড থেকে তা আমদানীর অনুমতি রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে, ভারত থেকে আমদানী করা ক্যাটফিশ খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ার খবর এখনও পাওয়া যায়নি। তবুও কর্তৃপক্ষ সকলকে সতর্ক করেছে যে, কেউ যদি তা ক্রয় করে থাকেন তাহলে যেন দোকানে ফিরিয়ে দেয়া হয় অথবা নিকটস্থ অফিসে জানানো হয়। যেসব গ্রোসারিতে তা বাজারজাত করা হয়েছে, সেগুলো অবিলম্বে ধ্বংস করতে বলা হয়েছে অথবা খাদ্য বিভাগের পরিদর্শন অফিসে জমা দিতে হবে।



