
বিশ্ব ডেস্ক | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে

তুরস্কে সংগঠিত ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তুরস্ক ও সিরিয়ায় সর্বশেষ খবর পর্যন্ত প্রাণহানি ৫ হাজার ১৯ জন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে তুরস্কেই মারা গেছেন অন্তত ৩ হাজার ৪১৯ জন। আর সিরিয়ায় এক হাজার ছয়শ’ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া এ দুই দেশে আহত হয়েছেন আরও ২০ হাজারের বেশি মানুষ।
উভয়দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা কয়েক ঘণ্টার ব্যবধানে ৩ হাজার ৪১৯ জনে পৌঁছেছে।
এদিকে, ভূমিকম্পে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় তীব্র ঠান্ডার মধ্যে বহু মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণে অনেক মানুষকে জটলা হয়ে বসে থাকার ছবিও তুলে এনেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের পর আরো অন্তত ৭৭টি আফটারশক (পরাঘাত) অনুভূত হয়, যার মধ্যে তিনটি ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি। আবার একটির মাত্রা ছিল ৭ দশমিক ৬।
অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিশ্বের বহু দেশ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।



