
বিশ্ব ডেস্ক | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা নয় হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের দু’দিন বাদে বুধবার (৮ ফেব্রুয়ারি) সর্বশেষ খবর পর্যন্ত, দেশ দুটিতে প্রাণহানি নয় হাজার চারশ ৮৭জনে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্প আঘাত হানার পর সময় যত গড়াচ্ছে প্রাণহানি ততই বাড়ছে। এ সংখ্যা অন্তত ১০ হাজারে পৌঁছাতে পারে বলে ভূমিকম্প সংঘটিত হওয়ার দিনই পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে বাস্তবতার নিরীখে এ সংখ্যা তার চেয়েও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রাণহানির মধ্যে শুধু তুরস্কেই সরকারি হিসাবে এ সংখ্যা সর্বশেষ খবর পর্যন্ত অন্তত ৬ হাজার ৯৫৭। অপরদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় এ সংখ্যা অন্তত ২ হাজার ৫৩০ জন। তবে এ সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও ছাড়িয়ে যেতে পারে।
প্রভাবশালী সংবাদমাধ্যশ দ্য ইকোনোমিস্টকে ওভগান আহমেত এরকান নামে একজন ভূমিকম্প বিশেষজ্ঞ জানিয়েছেন, তিনি ধারণা করছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ এখনো জীবিত অথবা মৃত অবস্থায় আটকে আছেন। তবে তার এ দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যদিও বলা হয়েছে, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।
তবে এখনো যে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন সেই খবর পাওয়া যাচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে তুরস্কের হাতেই নামের একটি অঞ্চল। সেই অঞ্চলের অনেক জায়গায় এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। বলা হচ্ছে, হাতেইয়ের বেশিরভাগ ভবন ধসে গেছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ এতই বেশি যে, উদ্ধারকারীরাও আর কুলিয়ে উঠতে পারছেন না।
উল্লেখ্য, সরকারিভাবে বলা হয়েছে যে শুধু তুরস্কেই অন্তত সাড়ে ৫ হাজার ভবন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।



