Advertisement Placeholder

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ২০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট গুরুতর হওয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন এই উইকেটকিপার ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পান তিনি।’

শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে।

জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, ‘সে এখন পর্যবেক্ষণে আছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

মুশফিকের বিকল্প হিসেবে শ্রীঘ্রই আরেকজন ক্রিকেটারকে দলে ডাকবে বিসিবি। এই অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। যদিও স্কোয়াডে থাকা লিটন দাসও উইকেটকিপিং করতে পারেন।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল আবার যাবে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি সেখানে শুরু হবে ৩০ মার্চ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার