
স্পোর্টস ডেস্ক: | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ৮৪ বার পঠিত | পড়ুন মিনিটে

চলতি এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নারী ক্রিকেট দল—এমন আভাস আগে থেকেই ছিল। এবার চূড়ান্ত হয়ে গেছে আসন্ন সিরিজের সূচি। টিম ইন্ডিয়ার মেয়েদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সবগুলো ম্যাচই হবে সিলেটে।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনে তাই মানিয়ে নিতেই বাংলাদেশ সফরে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল।
বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলও। একই সূত্রে এবার ভারতের মেয়েরাও আসছে।
৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে সন্ধ্যায়।



