
প্রতিদিন ডেস্ক | সোমবার, ২৫ জুলাই ২০২২ | প্রিন্ট | ৯১ বার পঠিত | পড়ুন মিনিটে

আফ্রিকার দেশ রুয়ান্ডায় বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচল করবে। এজন্য বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এটা বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় নিয়ে এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করে বলা হয়েছে যে অনুমোদন দেওয়া হলো। এটার ইকোনমিক সাইডটা (অর্থনৈতিক দিক) আরও ভালো করে দেখে এ থেকে আমাদের কী কী বেনিফিট আসবে সেটা দেখে তারপর করতে বলা হয়েছে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আফ্রিকায় আমাদের সরাসরি কোনো ফ্লাইট নেই। এটা ইমিডিয়েট শুরু হবে না। অনুমোদন দিয়ে বলা হয়েছে এটার ইকোনমিক সাইটটা দেখে তারপর চুক্তিতে সই করতে বলা হয়েছে।’



