
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ বিদেশি শ্রমিক কাজ করছে তার তালিকা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের আইজিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। এর আগে বাংলাদেশের কর্মক্ষেত্রে কতজন বৈধ ও অবৈধ শ্রমিক কাজ করছেন তার তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান।
গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে ১০ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছে। এর ফলে এ দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ‘অবৈধ বিদেশি খেদাও আন্দোলন’ নামে একটি সংগঠন এ তথ্য দেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু গত দেড় দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে।



