
প্রতিদিন ডেস্ক | সোমবার, ২২ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯২ বার পঠিত | পড়ুন মিনিটে

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে করা ৭ মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম। সংশ্লিষ্ট কোর্ট সূত্র সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানায়।
গত ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাকে এসব মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন। তবে জামিনের বিষয়টি ২২ আগস্টই জানা গেল।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় ওই সাতটি মামলা দায়ের করা হয়েছে।
গত ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা হয়। মাদারীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক বাবুল আখতার বাদী হয়ে এ মামলাটি করেন।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই মামলা হয় । তার আগে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ,পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় একই অভিযোগে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ নিয়েও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেন মেয়র জাহাঙ্গীর।



