
প্রতিদিন ডেস্ক | বুধবার, ১৫ জুন ২০২২ | প্রিন্ট | ১৪০ বার পঠিত | পড়ুন মিনিটে

ফেইসবুকে ছদ্মনামে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ ভাষায় কবিতা লিখে জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইদুর রহমান চাকরিচ্যুত হয়েছেন। জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক এই উপপরিচালক সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন।
ওই ঘটনায় অসদাচরণের দায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৩ জুন জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই গুরুদণ্ড দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সাইদুর রহমান ২০২০ সালের ৮ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে তার ফেইসবুক আইডি ‘রহমান হেনরী’ থেকে ‘রহমান হেনরী’ ছদ্মনামে একটি কুরুচিপূর্ণ, অশোভন ও আপত্তিকর কবিতা প্রকাশ করেন। যা একদিকে একজন সরকারি কর্মচারীর পক্ষে অশোভন ও অকর্মকর্তাসুলভ আচরণ। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
পরে তাকে কৈফিয়ত তলব করা হয় এবং তিনি ব্যক্তিগত শুনানি চান কিনা, তা জানতে চাওয়া হয়। তার লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানির বক্তব্য সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তদন্ত করতে কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মতামত দেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত হয়। পাশাপাশি তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, নোটিশের জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় এবং একজন সরকারি কর্মচারী হয়েও সরকারপ্রধানকে ইঙ্গিত করে কুরুচিপূর্ণ ভাষায় কবিতা প্রকাশ করেছেন, তা তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে তাকে চাকরিচ্যুত করা হয়।



