
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৯৩ বার পঠিত | পড়ুন মিনিটে

আন্তর্জাতিক লালন ও লোক উৎসব’র প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে হোস্ট ও অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ প্রতিদিন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে লালন ও লোক উৎসব। আগামী ২৬ অক্টোবর জ্যামাইকা মেরী লুইস একাডেমি হলে ‘এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, গোত্র নাহি রবে’ -স্লোগানে এই উৎসবের উদ্বোধন করবেন লোকসংগীতের কিংবদন্তী শিল্পী নীনা হামিদ।
১৬ অক্টোবর লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবসে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেন লালন পরিষদ ইউএসএ-এর আহ্বায়ক মো. আব্দুল হামিদ।
এ সময় আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মানবধর্মের অনুসারী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব লালন ফকিরের দর্শন-চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়াই এ উৎসবের লক্ষ্য। উৎসবে গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, চিত্রকলা, তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্ন আঙ্গিকে লালনকে উপস্থাপন করা হবে।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠশিল্পী একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় ও বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরন নবী, সংগীতশিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এইজ হোম কেয়ারের কর্ণধার শাহনেওয়াজ ও উৎসবের প্রধান উপদেষ্টা নুরল আমিন বাবু।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কমরেড জাকির হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফুন নাহার লতা, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, মেলাল শাহ, সমন্বয়ক গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া ও সঞ্চালনা করেন মিডিয়া সমন্বয়কারী পিনাকী তালুকদার।



