
বিশেষ সংবাদদাতা | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ৬২১ বার পঠিত | পড়ুন মিনিটে

মন্টিয়লে অনুষ্ঠিত ফোবানার সম্মেলনের শেষ লগ্নে সামনের বছরের ফোবানার পতাকা গ্রহণ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
তিন ভাগে বিভক্ত ফোবানার সামনের বছরের সম্মেলন অনুষ্ঠিত হবে মিশিগান, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে। ৩ সেপ্টেম্বর গভীর রাতে সমাপ্ত ৩দিনের ফোবানা সম্মেলন থেকে আলাদা আলাদাভাবে এই ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, কানাডার মন্ট্রিয়ল এবং টরন্টো থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফোবানার ব্যানারে ৪টি সম্মেলন অনুষ্ঠিত হলো। মন্ট্রিয়লের সম্মেলন থেকে আগামী বছরের সম্মেলনের পতাকা গ্রহণ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি খালেদ হোসেন, সেক্রেটারি কাউন্সিলম্যান নাঈম চৌধুরীসহ কর্মকর্তারা। সে সময় তারা সকলকে মটর সিটি ডেট্রয়েটে আমন্ত্রণ জানিয়েছেন ৩৮তম ফোবানা সম্মেলনে-যা সামনের বছরের লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে। পতাকা হস্তান্তর করেন ফোবানার নির্বাহী চেয়ারপার্সন আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান, সাবেক চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, যুগ্ম নির্বাহী সচিব কবির কিরণ এবং এবারের হোস্ট কমিটির কনভেনর দেওয়ান মনিরুজ্জামান।
এর আগে অনুষ্ঠিত ফোবানার কার্যকরী কমিটির সভায় চেয়ারম্যান আতিকুর রহমান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান দিপ্ত প্রত্যয়ে ঘোষণা দেন যে, বাংলাদেশের সংবিধান, জাতিরপিতা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারি সকল প্রবাসীর ঐক্যের মিলনকেন্দ্র হিসেবে মিশিগানে ৩৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং এটি হচ্ছে ফোবানার মূল চেতনা।
সমাপনী দিবসে হাজারো প্রবাসীকে আপ্লুত করে সঙ্গিত পরিবেশন করেন সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী, মোজা এবং স্থানীয় শিল্পীরা। কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থের পুরস্কারসহ সার্টিফিকেটও প্রদান করা হয়।
এ পর্বের সমন্বয় করেন স্কলারশিপ সম্পর্কিত কমিটির পরিচালক জাকারিয়া চৌধুরী। এ বছরই প্রবর্তিত ‘ফোবানার নিবেদিত প্রাণ সংগঠক রানী কবির’ স্মরণে নগদ এক হাজার ডলারের স্কলারশিপ প্রদান করা হয় নতুন প্রজন্মের মেধাবি শিক্ষার্থী ও শিল্পী মুন হাইকে। এটি হস্তান্তর করেন ফোবানার সাবেক চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী। পাশে ছিলেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার রহিম নিহাল এবং সাহিদা সিকদার হাই।
টরন্টোতে অনুষ্ঠিত ফোবানার অপর অংশের সমাপনী সমাবেশ থেকে সামনের বছরের সম্মেলন নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ। এ সময় পাশে ছিলেন ডা. মাসুদুর রহমান, হাসানুজ্জামান হাসান প্রমুখ। উল্লেখ্য, ডালাসে অনুৃষ্ঠিত অপর ফোবানার পতাকা ওয়াশিংটন ডিসির হোস্ট কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।



