
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিউইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার এডওয়ার্ড মারমেলস্টাইনের সাথে বৈঠকে এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্ক সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের সাথে সেন্টার ফর এনআরবি’র এক বৈঠক ম্যানহাটানে ইউএন প্লাজা কাযালয়ে ২ অগাস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
মেয়রের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার এডওয়ার্ড মারমেলস্টাইন, ডেপুটি কমিশনার দিলীপ চৌহান ও নিরাপত্তা টিমের প্রধান হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী কোভিড১৯ পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে নিউইয়র্ক প্রবাসী ক্ষুদ্র বিনিয়োগকারী ও বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগ বিষয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ও প্রবাসী বিনিয়োগকারীদের সার্বিক সহযোগিতা প্রদান বিষয়ে মেয়রের নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়। কর্মকর্তাবৃন্দ বাংলাদেশি আমেরিকানদের ব্যাপারে খুবই ইতিবাচক ধারণা ব্যক্ত করেন এবং নিউইয়র্ক এর আর্থ-সামাজিক নানা কর্মকান্ডে তাদের অবদানের প্রশংসা করেন।
সেকিল চৌধুরী বলেন, নিউইয়র্ক ও ঢাকা দুই সিটির মধ্যে নানামুখী সহযোগিতা দুই দেশকে উপকৃত করবে। এ ব্যাপারে কমিশনার ও ডেপুটি কমিশনার বলেন যে, এটি তাদের বিবেচনায় রয়েছে।
সেকিল চৌধুরী এ ব্যাপারে গত রমজান মাসে ডেপুটি কমিশনারের সাথে তার আলোচনার বিষয়টি উল্লেখ করে বলেন, দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি খাত এ ব্যাপারে উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারে তাতে দুই দেশ ও জনগণের সম্পর্ক আরও বেগবান হবে। বৈঠকে এ বিষয়ে কমর্কতাগণ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।



