
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে

জন ক্যাইমেন
নিউইয়র্কের কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৩ (নর্দার্ন পার্ট অব নাসাউ কাউন্টি এবং কুইন্সের অংশবিশেষ) এর কংগ্রেসম্যান টম সওজি অবসর নিয়ায় শূন্য এ আসনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হয়েছেন ৫ জন। ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে এই প্রাইমারি।
বিভিন্ন জরিপে এগিয়ে রয়েছেন জন ক্যাইমেন। অপর প্রার্থীরা হলেন মেলানী দ্যএ্যারিগো, যসোয়া লাফাজন, রীমা রসুল এবং রবার্ট জিমারম্যান। ডেমোক্র্যাটদের এ আসনে মোট জনসংখ্যা ৭ লাখ ২৫ হাজার ৭৪৬ (২০১৯ এর সেনসাস)। এরমধ্যে শ্বেতাঙ্গ-৬৯.৫% এবং এশিয়ান-১৪.৬%।
হিস্যানিক হলেন ১০.৬% এবং কৃষ্ণাঙ্গ-৩.১%। অর্থাৎ এই আসনে জয়-পরাজয়ে কিছুটা হলেও বাংলাদেশী, পাকিস্তানী, ভারতীয়, চীনারা ফ্যাক্টর। আর সে আলোকেই জন ক্যাইমেন তার নির্বাচনী টিমে বিশেষ উপদেষ্টা হিসেবে আকতার হোসেন বাদলকে অন্তর্ভুক্ত করেছেন। লংআইল্যান্ড চ্যাম্বারের পরিচালক বাদল ইতিমধ্যেই এই নির্বাচনী এলাকায় বড় ধরনের ৪টি স্টোর চালু করায় শ্বেতাঙ্গ এবং হিসপ্যানিকদের সাথেও সখ্যতা গড়ে উঠেছে। সম্পর্কের গভীরতায় ১১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ডের কপিয়েগ সিটির ১২১০ মন্টক হাইওয়েতে অবস্থিত আরএলবি ইউএসএ গ্রুপের উদ্যোগে ‘জন ক্যাইমেন’র সৌজন্যে ‘ভিআইপি মিট এ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হবে।
সাফোক কাউন্টি এক্সিকিউটিভ স্টিভ ভেলোন থাকবেন বিশেষ অতিথি। এছাড়াও নাসাউ এবং সাফোক কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির শীর্ষ কর্মকর্তারাও অংশ নেবেন এই ককটেল রিসিপশন পার্টিতে। উল্লেখ্য, সাফোক কাউন্টির ডেপুটি এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালনরত জন ক্যাইমেন টানা ২৪ বছর যাবত এলাকার বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি। নেতৃত্ব প্রদানের মধ্যদিয়ে জনগণের বিশ্বস্ত প্রতিনিধিতে পরিণত হয়েছেন ইতিমধ্যেই।
তিনি ছিলেন নর্থ হেমস্টিড টাউনের সুপারভাইজারম নাসাউ কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের জজ, স্যান্ডিতে ক্ষত-বিক্ষত নিউইয়র্ক পুনর্গঠনে স্টেটের এডভাইজার, নাসাউ কাউন্টি ফাইন্যান্স অথরিটির চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন জন ক্যাইমেন। ব্যক্তিগতভাবে তিনি একজন আইনজীবী। হফস্রা ল’ স্কুল থেকে জুরিস ডক্টরেট এবং হার্ভার্ড থেকে লোক প্রশাসনে মাস্টার্সকারি জন ক্যাইমেন গ্রেট নেকে স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে বসবাস করছেন।



