
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ৩২১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রস্তুতি সভায় বক্তব্য দিচ্ছেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির আওতায় ১১ সেপ্টেম্বর রবিবার নিউইয়র্ক স্টেট বিএনপির এক প্রস্তুতি সভায় সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটেছিল। জ্যাকসন হাইটসে কাবাব কিং পার্টি হলের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ। আহবায়ক মাওলানা আতিকুর রহমান এ সময় উল্লেখ করেন, বরাবরের চেয়ে এবারের শো-ডাউন হবে অনেক বড় এবং জোরালো।
কারণ, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের আচরণে বাংলাদেশের গণতন্ত্র মৃতপ্রায়। এহেন অবস্থার অবসানেই চূড়ান্ত বিক্ষোভের মধ্যদিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত সুসংহত করতে হবে। মাওলানা আতিক এ সময় আরো উল্লেখ করেন যে, জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরের কর্মসূচিতে অংশ নিতে আশপাশের সকল সিটি ও স্টেট থেকে বিএনপির ব্যানারে বিপুলসংখ্যক প্রবাসী আসবেন। তবে সবকিছুই করা হবে শান্তিপূর্ণ উপায়ে।
একই মতামত ব্যক্ত করেন সংগঠনের অপর নেতারাও। নিজ নিজ অবস্থান থেকে বেশী সংখ্যক প্রবাসীকে জেএফকে এয়ারপোর্ট এবং জাতিসংঘের সামনে জড়ো করার সংকল্প ব্যক্ত করেন সকলে। এ সময় আরো উল্লেখ করা হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমনের সময় পরিবর্তন হলে সে অনুযায়ী তাৎক্ষণিক অনুমতিও সংগ্রহ করা হবে জেএফকে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে থেকে। বক্তারা উল্লেখ করেন, কেয়ারটেকার সরকার গঠনের আগেই শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে প্রবাসের এই আন্দোলন বেগবান করতে হবে।
সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র যুগম আহব্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, আনিছুর রহমান, আলহাজ এম সহিদুল ইসলাম সিকদার, আশরাফ হোসেন, হুমায়ুন কবির, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার এবং নাসিম আহমেদ, যুগ্ম সদস্য-সচিব জিয়াউর রহমান মিলন, সদস্য কাইয়ুম, গোলাম হোসেন প্রমুখ।



