
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে

রেমিটেন্স সম্পর্কিত গোল-টেবিল বৈঠকে অংশ নিতে নিউইয়র্ক কন্স্যুলেটে এলে মন্ত্রি পরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ২৭ অক্টোবর বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি কনস্যুলেট কর্তৃক আয়োজিত “রেমিট্যান্সের গুরুত্ব: বর্তমান প্রেক্ষিত” শীর্ষক একটিে গালটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বৈঠকে নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। এ সময় তাঁর সহধর্মিণী কামরুননাহারও (বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ) উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে যোগদানের জন্যে কন্স্যুলেটে আগমণ করলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সহ কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মন্ত্রিপরিষদ সচিবকে স্বাগত জানান। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রবাসী বান্ধবনীতি ও সরকার গৃহিত পদক্ষেপসমূহের উল্লেখ করে প্রবাসীদেরকে বৈধপথে আরও বেশী রেমিট্যান্স পাঠানোর আহবান জানান। রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে তিনি তাঁদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন। বাংলাদেশে বিদেশী বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানান।
গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির উপর জোর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার-প্রচারণা চালানো, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স সপ্তাহ বা মেলার আয়োজন করা, ওয়েজ আর্নার বন্ডের সুবিধাসমূহ যাতে প্রবাসীরা সহজে পেতে পারে সে ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় । বৈঠকে অংশগ্রগণকারিগণের মধ্যে ছিলেন সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র, স্টান্ডার্ড এক্সপ্রেসের সিইও এম এ মালেক, সানম্যান গ্লোবালের সিইও মাসুদ রানা তপন, বিএ এক্সপ্রেসের সিইও আতাউর রহমান, সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট অফিসের ম্যানেজার শাহাদৎ হোসেন প্রমুখ।
পরবর্তীতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে মন্ত্রি পরিষদ সচিবকে অবহিত করেন। কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে তিনি পরামর্শ প্রদান করেন। কনসাল জেনকারেল মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



