
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩১ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন এম এ সালাম। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
নিউইয়র্কে ২৭ অক্টোবর বৃহস্প্রতিবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মীদের এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় । আর তাই তাদের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবেনা। শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নিন। জাতিসংঘের অধীনে নির্বাচন দিন।
নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাইদুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আব্দুস সালাম আরো বলেন, দাবি আদায়ে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। সরকারের শত বাধা সত্বেও আমাদের প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামছে। আর এতে সরকার আতংকিত হয়ে পড়েছে। তবে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর পিছু হঠার জায়গা নেই। আন্দোলন আর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব।
আব্দুস সালাম প্রবাসের জোরদার আন্দোলনের জন্যে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা ঢাকা তথা বাংলাদেশের রাজধানীতে আন্দোলন জোরদার করেছি, আপনারা নিউইয়র্কে থেকে আন্দোলন জোরদার করুন। রাজধানীর আন্দোলন যেমন সারাদেশে ছড়িয়ে পড়ে, তেমনি নিউইয়র্কের আন্দোলন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, যে ঋণ নেওয়া হচ্ছে তা বাংলাদেশের জন্য এক সময় বোঝা হয়ে দাঁড়াবে। দেশে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে দাবি করে সালাম বলেন, এই সেক্টরে ব্যাপক লুটপাট হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় থাকে। বিদ্যুতের অভাবে শিল্প কারখানা প্রায় বন্ধ হওয়ার উপক্রম।
এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল এইচ চৌধুরী, বিএনপি নেতা জসীমউদ্দিন (সাবেক ভিপি), নিউইয়র্ক মহানগর দক্ষিনের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী খোকন, স্টেট বিএনপির নেতা বদরুল হক আজাদ, বদিউল আলম, দেওয়ান কাওসার, শহিদুল শিকদার, হুমায়ূন কবীর প্রমুখ।



