
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুন ২০২২ | প্রিন্ট | ১৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে

পুত্র-কন্যা কোলে মাহফুজ। ছবি-পারিবারিক এ্যালবাম।
১৪ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জর্জিয়া স্টেটের বাংলাদেশী অধ্যুষিত আটলান্টা থেকে ৫০ মাইল দূর আকোয়ার্থ ওক্স ড্রাইভে নিজের গ্রোসারি স্টোরে (কুইক ই-মার্ট)কর্মরত অবস্থায় বন্দুকধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশী আমেরিকান আবু সালেহ মাহফুজ আহমেদ (৫৯)। প্রত্যক্ষ দর্শীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানায়, মুখোশধারি দুর্বৃত্ত ঐ স্টোরে ঢুকেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে ক্যাশ কাউন্টারও তছনছ করে নগদ যা ছিল সব লুটে নিয়ে যায়।
বন্দুকধারী দুর্বৃত্তটি ডাকাতি শেষে বøু নিশান সিডেন গাড়িতে উঠে চম্পট দেয়ার পর স্টোরের মেঝেতে মাহফুজের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেই কেউ একজন পুলিশকে ফোন করেন। এ্যাম্বলেন্স-সহ পুলিশ অকুস্থলের আসার পর প্যারামেডিক্সরা পরীক্ষা করে জানান যে, বুলেট বিদ্ধ হয়ে মারা গেছেন মাহফুজ। এই ডাকাতি ও হত্যাকান্ডের তদন্তের শুরুতেই ১৬ জুন বৃহস্প্রতিবার ঘাতক সন্দেহে মারকাস ব্যাস (৫৯) নামক এক কৃষ্ণাঙ্গকে গ্রেফতার করেছে। কোব কাউন্টি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও ছিনতাই, এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং মালামাল লুটের গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত মাহফুজের ভাই নিজামউদ্দিন জানান যে, ১২ বছর আগে মাহফুজ যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তাদের বাড়ি নোয়াখালীর হরিনারায়নপুরে। ৮ বছর বয়েসী এক কন্যা, ৫ বছরের পুত্র, স্ত্রী এবং মা-বাবা-ভাই রেখে গেছেন মাহফুজ। তারা সকলেই আটলান্টায় বাস করছেন। এ ঘটনায় কম্যুনিটিতে আতংক সৃষ্টি হয়েছে।
১৬ জুন আটলান্টায় একটি মসজিদে মাহফুজের জানাযা শেষে নিকটস্থ গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর এই মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপনের পর কম্যুনিটির নিরাপত্তায় পুলিশের ভ‚মিকা আরো সরব হবে বলে আশা প্রকাশ করেছেন। ঘাতক গ্রেফতারের সংবাদ জেনে সিনেটর রহমান স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে, এই হত্যাকান্ডের ব্যাপারে তদন্ত অব্যাহত থাকার কথা জানিয়ে কোব কাউন্টি পুলিশ সর্বসাধারণের সহায়তা চেয়েছেন। ৭৭০-৯৭৪-১২৩২ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে তদন্তে সহায়তার জন্যে।



