
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে

হাজারো মুসল্লী অবাক বিস্ময়ে অবলোকন করলেন কানেকটিকাট স্টেট রিপ্রেজেনটেটিভ মরিয়ম খানকে (৩৩) লাঞ্ছিত করার পর ধাক্কা দিয়ে পাকা মেঝেতে ফেলে দেয়ার ঘটনাটি। দুর্বৃত্তটি মরিয়মের ঘাড়ে হাত দিয়েই চুমু দেয়ার চেষ্টা করে। বাধা দেয়ায় সে মরিয়মকে সজোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বুধবার সকাল ১১টায় হার্টফোর্ড ডাউন টাউনে এক্সেল সেন্টারের ঈদ জামাত শেষে ৩ শিশু সন্তান, বোন এবং এক বন্ধুসহ বাড়িতে ফেরার পথে (ঈদ জামাত প্রাঙ্গনে) এহেন পরিস্থিতির শিকার হন কানেকটিকাট স্টেট পার্লামেন্টে প্রথম মুসলমান নারী রিপ্রেজেনটেটিভ মরিয়ম খান (ডেমক্র্যাট)। আন্দ্রে ডেসমন্ড (৩০) এই হামলার সময়ে অকথ্য ভাষায় গালি (মুসলিম বিদ্বেষী) দেয় বলে পুলিশ জানায়।
ঈদ জামাতে অংশ নেয়া ৪ সহস্রাধিক মুসল্লীর সকলেই ঘটনার আকস্মিকতায় হতভম্ব এবং ক্ষুব্ধ। কোনো ধরনের বাক-বিতন্ডা কিংবা কথা কাটাকাটি ছাড়াই সরাসরি মরিয়মের ওপর চড়াও হবার ঘটনাকে তদন্ত কর্মকর্তাসহ সিটির মেয়র, স্টেট গভর্নর ধর্মীয় বিদ্বেষমূলক হামলা (হেইট ক্রাইম) বলে মন্তব্য করেছেন। এ হামলার পরই শতশত পুলিশ এলাকায় নামে এবং শান্তি-শৃক্সখলা অটুট রাখতে তৎপরতায় চালায়। তবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এরফলে সৃষ্ট ভীতি কমেনি। অনেকেই আত্মীয়-স্বজনের বাসায় ঈদের দাওয়াত বাতিল করেছেন। সন্ধ্যার পর কাউকে বাইরে দেখা যায়নি বলে এলাকার কম্যুনিটি নেতারা জানিয়েছেন।
হার্টফোর্ড সিটির মেয়র লোউক ব্রনিয়ান ছিলেন ওই ঈদ জামাতে। তিনি প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন, মরিয়ম খান এবং তার পরিবার ঈদের দিনে যে ধরনের পরিস্থিতির ভিকটিম হলেন তার জন্যে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
এই ধর্মীয় বিদ্বেষী হামলার পর স্টেট গভর্নর নেদ ল্যামন্ট বলেন, শান্তিপূর্ণ ঈদ নামাজের পরই এমন হিংসাত্মক ঘটনায় আমি খুবই খারাপবোধ করছি। আমাকে প্রচন্ডভাবে বিরক্ত করেছে। ‘কানেকটিকাটে এমন আচরণকে বরদাস্ত করা হবে না’-মন্তব্য লে. গভর্ণর সুজ্যান বেসুইজের। কানেকটিকাট স্টেট সিনেটে প্রথম মুসলমান সিনেটর বাংলাদেশী আমেরিকান মোহাম্মদ মাসুদুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটা অমার্জনীয় অপরাধ। আশা করছি দুর্বৃত্তের সর্বোচ্চ শাস্তি হবে। কানেকটিকাট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির অন্যতম একটি স্থান। এখানে ধর্মীয় বিদ্বেষমূলক হামলাকে কেউই সহজভাবে নিচ্ছে না।
পাকিস্তানী আমেরিকান মরিয়ম খানের ওপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স (কেয়ার) স্টেট ও সিটি প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে মুসলিম জনগোষ্ঠির নিরাপত্তায় সরব থাকার জন্যে। কেয়ারের স্টেট শাখার চেয়ারপার্সন ফারহান মেনন বলেন, মুসলিম সম্প্রদায় শান্তিতে বিশ্বাসী। তাই মরিয়মের ওপর প্রকাশ্য ঈদ-ময়দানে হামলার নেপথ্যে অন্যকোন অভিসন্ধি থাকতে পারে।
উল্লেখ্য, হিজাব পরিহিত মরিয়ম খান ২০২২ সালের মার্চে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে ৭৫% ভোটে পঞ্চম ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি কানেকটিকাট শিক্ষা বিভাগে ‘স্পেশাল এডুকেশন টিচার’ ছিলেন। সে সুবাদে সমগ্র কম্যুনিটির সাথে সুন্দর সম্পর্ক তৈরী করেন। মরিয়ম খান স্টেট পার্লামেন্টে হাউজিং কমিটির ভাইস চেয়ারের পাশাপাশি জুডিশিয়ারি কমিটিরও অন্যতম সদস্য। তার ওপর হামলাকারি আন্দ্রে দেসমন্ড একই স্টেটের নিউ ব্রিটেনের বাসিন্দা বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে থার্ড ডিগ্রির অ্যাসোল্ট, সেকেন্ড ডিগ্রির বেআইনীভাবে মুসল্লীগণের গতিরোধ এবং সেকেন্ডস ডিগ্রির শান্তি বিঘ্ন করার অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে কানেকটিকাট ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হলে মাননীয় জজ আড়াই লাখ ডলার বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন এবং মামলার পরবর্তী তারিখ হচ্ছে ১৭ জুলাই। এ সময় সরকারি কৌশলী আদালতকে অবহিত করেন যে, ১০ বছর আগে সে ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক এলাকায় গুরুতর অপরাধে লিপ্ত ছিল।



