Advertisement Placeholder
৩ নভেম্বর প্রতিবাদ সমাবেশ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

মাহবুবুর রহমান।

এশা নামাজের জন্যে ২৯ অক্টোবর সন্ধ্যায় মসজিদের পার্কিং লটে গাড়ি পার্কের পরই গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি মাহবুবুর রহমানের (৬৫) নামাজে জানাযা ৩১ অক্টোবর দুপুরে ফিলাডেলফিয়াস্থ আপার ডারবিতে মসজিদ আল মদিনায় অনুষ্ঠিত হয়। এরপরই নিকটস্থ গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযা এবং দাফনে অংশ নেয়া মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুর রহমান তৈয়ব ৩১ অক্টোবর সন্ধ্যায় এ সংবাদদাতাকে জানান, সাম্প্রতিক সময়ে ফিলাডেলফিয়া সিটি এবং আশপাশে গাড়ি ছিনতাইসহ বিভিন্ন ধরনের দুর্বৃত্তপনা বেড়েছে। তেমনি একটি পরিস্থিতির ভিকটিম হলেন মাহবুবুর রহমান। বন্দুক তাক করে চাবি চেয়েছিল দুর্বৃত্তটি। সাথে সাথে যদি চাবি দিয়ে দিতেন তাহলে হয়তো তাকে গুলি করা হতো না। মেয়র তৈয়ব আরো জানান, অকুস্থল এবং আশপাশের ভিডিও পরীক্ষার পর পুলিশ একটি ছবি প্রকাশ করেছে। তাকেই সন্দেহ করা হচ্ছে ঘাতক হিসেবে। চট্টগ্রামের সন্তান মেয়র তৈয়ব আরো জানান, ছবিটি দেখার পর তদন্ত কর্মকর্তারা অনুধাবনে সক্ষম হয়েছেন যে, দুর্বৃত্তটি এর আগে বেশ কটি গুরুতর অপকর্মে জড়িত ছিল। অর্থা ধর্ম বা বর্ণগত কারণে মাহবুবুর রহমানকে হত্যা করা হয়নি। এটি হেইট ক্রাইমও নয়। তার গাড়ি ছিনতাইয়ের জন্যে গুলি করা হয়েছে। এবং গুলিবিদ্ধ হয়ে ভূপাতিত হবার পরই তার গাড়ি নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তটি। আপার ডারবি পুলিশের সুপার টিমোথি বার্ণহার্ডথ এ প্রসঙ্গে বলেন, মসজিদের পার্কিং লটে যখন মাহবুবকে গুলি করা হয় তখোন ভেতরে এশা নামাজের জামাতে ছিলেন দেড় শতাধিক মুসল্লী। মেয়র তৈয়ব জানান, মাহবুব ৩ পুত্র এবং এক কন্যা ও স্ত্রীসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি কারারক্ষির চাকরি করতেন ২০২১ সাল থেকে এবং পোস্টিং ছিল ফিলাডেলফিয়া সিটির রিভারসাইড কারেকশনাল ফ্যাসিলিটিতে। একইসাথে খন্ডকালিন ট্যাক্সি ড্রাইভিংও করতেন। তদন্ত কর্মকর্তারা জানান, রবিবার সন্ধ্যা পৌণে ৮টার দিকে ওয়ালনাট এবং সাউথ ৬৯ স্ট্রিটে অবস্থিত আপার ডারবি ইসলামিক সেন্টারের মসজিদ আল মদিনা’র পার্কিং লটে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এই ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট জিয়াউর রহমান গভীর শোক প্রকাশ করে অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ২৫ বছর যাবত তাকে চিনি এবং তার মত একজন ভাল মানুষকে হারিয়ে আমরা সকলেই শোকাচ্ছন্ন। খুবই পরিশ্রমী এবং সৎ মুসল্লী ছিলেন।
তদন্ত কর্মকর্তারা আরো জানিয়েছেন, কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাই করা মাহবুবের গাড়িটি পশ্চিম ফিলাডেলফিয়াস্থ সাউথ সিসিল স্ট্রিটে একটি পরিত্যক্ত নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ মাহবুবুর রহমান ছিলেন পেনসিলভেনিয়ার বৃহওম সংগঠন ‘বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র সদস্য এবং বিটিএসপির প্রাক্তন নির্বাচন কমিশনার। নড়াইলের সন্তান মাহবুবের বিটিএসপিতে রেজিস্ট্রেশন নম্বর ছিল ৪২।
চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় মিলবোর্ন সিটিতে পুলিশি টহল বাড়ানো হলেও ফিলাডেলফিয়া এবং আপার ডারবিতে তেমন কিছু করা হয়নি। এছাড়া ফিলাডেলফিয়া সিটি অনেক বড় হওয়ায় ইমিগ্র্যান্ট অধ্যুষিত এলাকার প্রতি পুলিশ প্রশাসনের মনোযোগও প্রত্যাশিত নয়। সিটি মেয়র তৈয়ব উল্লেখ করেন, নিদারুণ বৈষম্যের প্রতিবাদেই মিলবোর্ন সিটির উদ্ভব হয়েছে। আমি মেয়র হবার পর সকল নাগরিকের নিরাপত্তায় যত্নবান হয়েছি। আশপাশের অনেক এলাকাতে তা ঘটেনি।
এদিকে, সাম্প্রতিক সময়ে ফিলাডেলফিয়া অঞ্চলে খুন হওয়া আসিফ রহমান এবং আরিফুল হক জেমসের ঘাতকেরাও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ‘বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’ (বিটিএসপি)। ৩০ অক্টোবর অনুষ্ঠিত এই সংগঠনের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার এবং কম্যুনিটির নিরাপত্তা বাড়ানোর দাবিতে ৩ নভেম্বর শুক্রবার জুমআ নামাজের পর আপার ডারবিতে মদিনা মসজিদে এক সমাবেশ হবে। বিটিএসপির সভাপতি আজম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আলী মিঠু এবং প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ সকল প্রবাসীকে এই সমাবেশে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার