
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ১২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তাদেরকে সন্ত্রাসী হামলার হুমকিতে চিঠি পাঠানো হয়েছে। খামের ভেতরে বিষাক্ত দ্রব্যের অস্তিত্ব নিয়ে বিস্তারিত তদন্তে নেমেছে এফবিআই। সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন নিয়ে কর্মব্যস্ত কর্মকর্তারা শুক্রবার দ্বিতীয় দফায় এমন হুমকিমূলক চিঠি পেয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন। ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, ওরেগণ, নেভাদা এবং ওয়াশিংটন সহ সারা আমেরিকার অসংখ্য নির্বাচনী অফিসে আসা রহস্যজনক খামের ভেতরে ‘ফেন্টানিল’র অস্তিত্ব পাবার ঘটনাকে এই স্টেটের ‘সেক্রেটারি অব স্টেট’ স্টিভ হবস ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা’ হিসেবে মনে করছেন।
গভীর উদ্বেগ প্রকাশ করে স্টিভ হবস গণমাধ্যমকে আরো বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিপ্রায়েই এমন আচরণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে ট্রাম্প সমর্থকেরা যে তান্ডব শুরু করেছেন, তার জের এখনও অব্যাহত থাকার মধ্যেই এমন সন্দেহজনক চিঠি আসতে থাকার বিষয়টিকে এফবিআই হালকাভাবে নিচ্ছে না। ডাক বিভাগের সর্বত্র মনিটরিং চালানো হচ্ছে এবং এ ব্যাপারে তারা পোস্টাল কর্মকর্তাদের সহযোগিতাও চেয়েছেন।
পোস্টাল কর্মকর্তারা জানিয়েছেন যে, সারা আমেরিকার অফিসেই ‘হাই এলার্ট’ জারি করা হয়েছে। এমনকি, গুরুত্বপূর্ণ স্থানে ডাক বাক্সে কারা চিঠি ঢুকাচ্ছে-সেটিও মনিটরিংয়ে রয়েছে। এ ধরনের পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব না হলে সামনের দিনগুলোতে ডাক বিভাগে কেউ চাকরি করতে আগ্রহী হবেন না বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিদ্যমান রীতি অনুযায়ী অনেক আমেরিকানই ডাক যোগে আগাম ভোটে অংশ নিয়ে থাকেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডাক যোগে আসা ব্যালটের অধিকাংশই জো বাইডেনের ছিল। এজন্যে ডনাল্ড ট্রাম্প এবং তার কট্টর সমর্থকেরা ডাক যোগে ভোটের প্রচন্ড বিরোধিতা করে আসছেন। ডাক যোগে আসা ব্যালটকে রিপাবালিকানরা ‘ভোট জালিয়াতি’ হিসেবেও অভিযোগ করেছেন। এ নিয়ে মামলা-মোকদম্মা ছাড়াও রিপাবলিকান পার্টির নীতি-নির্দ্ধারকেরা স্টেট পার্লামেন্টে ‘ডাক যোগে ভোট গ্রহণের প্রক্রিয়া’কে নিষিদ্ধ করার বিলও উঠিয়েছিলেন। কিন্তু তা পাস হয়ে আইনে পরিণত হতে পারেনি। এ অবস্থায় এখন নির্বাচন কমিশনে হুমকি দিয়ে চিঠি পাঠানো হচ্ছে যাতে ব্যালটের চিঠিও হুমকিতে নিপতিত হয়।



