
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | ৭২ বার পঠিত | পড়ুন মিনিটে

নির্বাচনী ব্যালটে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণাকারী কলোরাডো সুপ্রিম কোর্টের বিচারককে হত্যার হুমকি দেয়া হয়েছে। শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়াগুলোতে প্রচারিত এ সংবাদের জের ধরে এফবিআই মাঠে নেমেছে হুমকি প্রদানকারীকে গ্রেফতারের জন্য। শনিবার সন্ধ্যায় প্রাপ্ত সর্বশেষ সংবাদ অনুযায়ী, এফবিআইয়ের ডেনভারস্থ ফিল্ড অফিসের মুখপাত্র ভিকী মাইগোয়া বলেছেন যে, তারা সর্বোচ্চ পর্যায়ে তদন্তে নেমেছেন। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সমন্বয়ে হুমকিদাতাকে চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। চরমপন্থিদের যে কোনো হুমকি বরদাশত করা হবে না।
বিশেষ করে বিদ্যমান আইন অনুযায়ী বিচারালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের জন্যে আপিলের পথে না যেয়ে যারা সন্ত্রাসী আচরণের হুমকি দিচ্ছে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবেই।
আরো জানা গেছে, কলরাডোর সকল আদালতের বিচারপতিসহ কর্মকর্তাগণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, কলোরাডো হাই কোর্টে গত মঙ্গলবার ৪-৩ ভোটে প্রদত্ত এ রায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কলোরাডো স্টেট প্রাইমারির ব্যালটে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা উষ্কে দেয়ার জন্যে সরাসরি অভিযুক্ত করা হয়েছে ট্রাম্পকে। এহেন অচরণে লিপ্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নির্বাচনে অযোগ্য বলে কলোরাডো স্টেট সুপ্রিম কোর্ট রায় প্রদানের পর আরো ১৬ স্টেটে মামলা হয়েছে একইদাবিতে।
কলোরাডো সুপ্রিম কোর্টের ঐ সিদ্ভান্তকে চ্যালেঞ্জ দিয়ে ইতিমধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে আপিলের ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু তবুও ট্রাম্পের উগ্রপন্থি সমর্থকেরা আদালতে হামলা, বিচারপতিকে হত্যার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র সংবিধানের চতুর্দশতম সংশোধনীর ৩ নম্বর সেকশন অনুযায়ী ফেডারেল ভবনে দাঙ্গা উস্কে দেয়ার মত জঘন্য আচরণে লিপ্ত ব্যক্তির নির্বাচনে প্রার্থী হবার অধিকার থাকতে পারে না। কারণ এ ধরনের আচরণকে গণতন্ত্র বিরোধী বলে চিহ্নিত করা হয়েছে।



