
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে

ইসরাইলী আগ্রাসনে গাজায় ৩০ সহস্রাধিক অসহায় মানুষ মৃত্যুবরণ করেছে। তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে মিশিগানের হ্যামট্রামক সিটিতে ‘প্যালেস্টাইন এভিনিউ’ নামকরণ করা হলো একটি রাস্তার। ৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় ২ বর্গমাইলের এই ছোট্ট শহরে ‘হলব্রক রোড’কে প্যালেস্টাইন এভিনিউ নামে ফলক উন্মোচন করা হয়। এ সময় শতশত মুসলিম অভিবাসীসহ অন্যান্য কমিউনিটির লোকজনও উপস্থিত ছিলেন। নাম ফলকটি উন্মোচন করা হয় হলব্রুক ও গ্যালাগার স্ট্রিটের কর্নারে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে এই রেজ্যুলেশন পাস হয়।
মিশিগানের সাংবাদিক আশিক রহমান জানান, ফলক উন্মোচনকালে হ্যামট্রামক সিটির মেয়র আমির গালিব বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই সিটিতেই প্রথমবারের মতো ‘প্যালেস্টাইন এভিনিউ’ এবং ‘সিজ ফায়ার’ তথা যুদ্ধ-বিরতি শীর্ষক রেজ্যুলেশন পাস করা হয়। শহরের এই রাস্তার নামকরণে যাতে কোন জাতিগত বৈষম্য তৈরি না হয় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হ্যামট্রামক সিটির কাউন্সিলর খলিল রেফাই, সাবেক কাউন্সিলর নাইম চৌধুরী, নাসের বেদুইন, শেরিফ পুলিশের কর্মকর্তাসহ অনেকেই। অন্যান্য সিটি থেকে মুসলিম সিটি কাউন্সিলর, হ্যামট্রামক সিটি ক্লার্ক ও ম্যানেজার সহ অতিথিরা ফলক উন্মোচনে উপস্থিত ছিলেন।
উপস্থিত মুসলিম জনগোষ্ঠী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৭ মার্চের এই ঘটনা ফিলিস্তিনিদের জন্য ইতিহাস হয়ে থাকবে এবং অচিরেই মর্কিন প্রশাসন গাজায় চলমান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।



