
বিশেষ সংবাদদাতা | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | ১০৮ বার পঠিত | পড়ুন মিনিটে

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্ক, রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং উইসকনসিন স্টেটে ২ এপ্রিল মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে (প্রাইমারি ইলেকশন) বিজয় ঘটায় ডেমক্র্যাট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রার্থীতা প্রায় নিশ্চিত হবে। এখন আসছে জুলাইতে উইসকনসিনের মিলওয়ার্কিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন এবং আগস্টে ইলিনয় স্টেটের শিকাগোতে অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনে দলীয় ডেলিগেটদের ভোটে বিষয়টি চূড়ান্ত হবে। উল্লেখ্য, বয়সের কারণে জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সাথে বেমানান মন্তব্য/আচরণের কারণে ডোনাল্ড ট্রাম্পকে অধিকাংশ আমেরিকানই পছন্দ না করলেও দলীয় ভোটাররা এখন পর্যন্ত বিকল্প কিছু নির্বাচনী ময়দানে হাজির করতে না পারায় শেষ পর্যন্ত এ দু’জনের একজনকেই বেছে নিতে হবে পরবর্তী চার বছরের জন্যে। উল্লেখ্য, ২০০০ সালের নির্বাচনেও এ দু’জনই ছিলেন মূল প্রার্থী। মঙ্গলবারের প্রাইমারি ব্যালটে আরো কজনের নাম ছিল। তবে তারা প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য বলে ভোটারের সমর্থন লাভে সক্ষম হননি।
এদিকে, প্রার্থী বাছাইয়ের নির্বাচনে উভয় প্রার্থীর ক্ষেত্রে অভিনব এক প্রতিবাদ উত্থাপিত হয়। গাজা পরিস্থিতি হ্যান্ডেল করতে চরম ব্যর্থতা এবং ইসরায়েলকে গণহত্যায় অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রাখায় বাইডেনকে ভোট প্রদানে বিরত থাকার পূর্বঘোষিত কর্মসূচির সমর্থনে ব্যালট একেবারেই সাদা রাখা হয়। নিউইয়র্কে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই এমন সাদা ব্যালট স্ক্যানের ঘটনা শুরু হয়ে চলে সন্ধ্যা নাগাদ। ডেমক্র্যাটিক পার্টির তালিকাভুক্ত ভোটারের পাশাপাশি রিপাবলিকান ভোটারেরও কিছু অংশ একই পন্থা অবলম্বন করেছেন। নিউইয়র্ক সিটির জৗাকসন হাইটস এলাকার একটি কেন্দ্রের স্ক্যানার ইন্সপেক্টর হিসেবে কর্মরত বাংলাদেশি আমেরিকান নুরুন্নাহার নিশা এ সংবাদদাতাকে জানান, শুধু মুসলমান নন শ্বেতাঙ্গ এবং স্প্যানিশ ভোটারের অনেকেই সাদা ব্যালট স্ক্যান করেছেন। গাজা পরিস্থিতিতে তারা ক্ষুব্ধ বাইডেনের প্রতি। আবার কেউ কেউ ব্যালট নিয়ে বাইরেে গিয়ে বোর্ড অব ইলেকশন কর্মকর্তাদের ফোন করে নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। নির্বাচন কেন্দ্রে কর্মী হিসেবে থাকা অনেকে মন্তব্য করেছেন, উভয় পার্টির প্রার্থীই যোগ্য বলে মনে করছি না বিধায় ভোট দানে বিরত থাকাই শ্রেয় ভাবছি। নিশা আরো বলেন, দিনভর বৃষ্টি থাকায় এমনিতেই উপস্থিতি ছিল আগের তুলনায় অনেক কম, তার মধ্যে গাজা ইস্যুতে প্রার্থীগণের ব্যাপারে বিরক্তির উদ্রেক ঘটলো।
ব্যালট সাদা রাখার এমন অভিনব কর্মসূচি শুরু হয়েছে মিশিগান স্টেট থেকে। সেখানকার মুসলিম আমেরিকান এবং নতুন প্রজন্মের ভোটারেরা বাইডেনকে ভোট দানে বিরত থাকার কর্মসূচির পর কিছুটা হলেও ইসরায়েলের পক্ষাবলম্বনে পিছুটান দিয়েছেন জো বাইডেন। প্রকাশ্যে নেতানিয়াহুকে সাপোর্ট দিতে না কৌশল অবলম্বন করছেন। এই ইতিবাচক প্রভাবে জের হিসেবে প্রগতিশীল চিন্তা-চেতনার প্রতিক কংগ্রেসনাল মোর্চা সারা আমেরিকার প্রাইমারিতে একই পন্থা অবলম্বনের ডাক দেয়। ডেমক্র্যাটিক সোস্যালিস্টস অব আমেরিকা এবং ওয়ার্কিং ফ্যামিলি পার্টি-সহ অর্ধ শতাধিক সংগঠনের পক্ষ থেকে ব্যালটে ‘আনকমিটেড’ অথবা ‘সীজফায়ার’ লিখতে বলা হয়েছে। অথবা একেবারেই সাদা ব্যালট স্ক্যানের আহবান রয়েছে। এই মোর্চার অন্যতম প্রধান নিউইয়র্কের কংগ্রেসওম্যান (ডেমক্র্যাট) আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেস, নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম ও একমাত্র মুসলিম নারী মেম্বার শাহানা হানিফ ভোটারদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে নিউইয়র্ক স্টেট ডেমক্র্যাটিক পার্টির চেয়ার জে জ্যাকব প্রতিবাদ-কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেছেন, ন্যায়সঙ্গত যে কোন প্রতিবাদকে সবসময় ডেমক্র্যাটরা সাপোর্ট দিয়ে আসার ঐতিহ্য রয়েছে। তবে আমরা এ ব্যাপারে নিশ্চিত যে, নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বাইডেনের পক্ষে ডেমক্র্যাটরা ঐক্যবদ্ধ থাকবো এবং জো বাইডেনও ভোটারের মনোভাবের পরিপূরক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। কারণ, আমেরিকার গণতন্ত্র সুরক্ষায় ডেমক্র্যাটরাই প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্যে চরম হুমকিস্বরূপ-এটা ৬ জানুয়ারির তান্ডবে প্রমাণিত হয়েছে। সচেতন ভোটারেরা কখনো টাম্পকে বিজয় দিয়ে আমেরিকাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন না। নিউইয়র্ক ওয়ার্কিং ফ্যামিলি পার্টির কো-ডিরেক্টর জেসমীন গ্রিপার এ প্রসঙ্গে বলেন, ইতিপূর্বে মিশিগানসহ কয়েকটি স্টেটের প্রাইমারিতে সাদা ব্যালট রাখার ঘটনায় বাইডেন প্রশাসন কিছুটা নমনীয় হয়েছে। তাই আমরা এ আন্দোলনকে তীব্রতর করার মধ্যদিয়ে গাজায় শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধ বিরতির দাবি আদায় করার পথে হাঁটছি। এনিয়ে কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না।



