
যুক্তরাষ্ট্র প্রতিনিধি | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | ১১৯ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ৩১ আগষ্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনের ‘গনেশ চতুর্থি উৎসব’র দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। সার্ফ স্টেডিয়ামের সামনে বেদের ফিল্ডের মুক্তাঙ্গনে অনুষ্ঠানরত এই গনেশ উৎসবের পূজা মন্ডপ প্রাংগনে এক সুধী সমাবেশে কংগ্রেসম্যান বলেন, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণী বার্তা জানিয়ে পৃথিবীতে সিদ্ধিদাতা গনেশ ঠাকুরের আগমন ঘটেছিল। তিনি আরো বলেন, মানুষ, মানবতা, মানবিকতার প্রতি আস্থাই হচ্ছে পরম ‘ধর্ম’৷ এই আস্থাহীনতার কারণে আজ বিশ্বব্যাপী যতো বিভেদ, যতো হানাহানি।
কংগ্রেসম্যান বলেন, প্রতিটি ধর্মের মর্মকথা শুদ্ধাচারী জীবনাচরণ এবং শান্তিই হচ্ছে মূলবাণী। আমরা যদি সত্য, সুন্দর, কল্যাণ, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির পূজারি হতে পারি, তাহলে মানবতার জয়গানে পৃথিবী মুখরিত হবে এবং জগৎ সংসার থেকে সব কালিমা মুছে যাবে।
তিনি উল্লেখ করেন, মানবতার কল্যাণ সাধন করাই সব মানুষের ব্রত হওয়া উচিত। ধর্মের মর্মবাণীকে হৃদয়ে লালন করে ইহকালীন ও পরকালীন কল্যাণের নিমিত্তে মানবকল্যাণে আত্মনিয়োগ করাই সব মানুষের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত। কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ ভক্তদের সাথে সন্ধ্যারতিতে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, আটলান্টিক সিটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী গনেশ উৎসবে নিউজার্সি রাজ্যের এ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্দার, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস সারকোস, কমিশনার পদ প্রার্থী রেহমান হাবিব, নিউজার্সির গভর্নর অফিসের প্রতিনিধি আলেকজান্দার কারটসকি ও রাজপাল ভাট, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউনসিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কারটজ, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ওমর, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেন।
উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে গনেশ পূজা, আরতি,ভক্তিমূলক গানের অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান, সংগীত রজনী, প্রসাদ বিতরণ, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, ট্যালেন্ট শো, রং খেলা, ঘুড়ি ওড়ানো, কোভিড পরীক্ষা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রম ইত্যাদি।



