
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে

তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের সিনেটর হিসেবে শপথ নিলেন বাংলাদেশী আমেরিকান শেখ রহমান। জর্জিয়া স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি চার্লি বেথেলের কাছে তিনি শপথ নিয়েছেন। শেখ রহমান জানান, জর্জিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে আমি ধন্য। আমি যাতে আমার সম্প্রদায়, নির্বাচনী এলাকা এবং জর্জিয়া স্টেটের ভালোভাবে সেবা করতে পারি সে জন্য দোয়া করবেন।
কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান শেখ মুজাহিদুর রহমান। ২০১৮ সালের ২২ মে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। জর্জিয়ার স্টেট পার্লামেন্টে তিনি ছিলেন প্রথম মুসলিম সিনেটর।
২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও সিনেটর নির্বাচিত হন শেখ রহমান। গত নভেম্বরের তৃতীয় মেয়াদেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শৈশব এবং কৈশোর বাংলাদেশেই কাটিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা বাবার সস্তান শেখ মুজাহিদুর রহমান বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। তিনি বিশ্বাস করেন পরিশ্রম ও অধ্যাবসায় যখন এক বিন্দুতে মেলানো যায় তখন সাফল্য ধরা দেবেই।
উল্লেখ্য, সময় পেলেই জন্মভূমির টানে বাংলাদেশে যান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনে একই স্টেটে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে নাবিলা ইসলাম নামক আরেক বাংলাদেশী আমেরিকান সিনেট ডিস্ট্রিক্ট-৭ আসনে জয়ী হয়েছেন। নাবিলা হচ্ছেন জর্জিয়া স্টেট পার্লামেন্টে প্রথম মুসলিম নারী সিনেটর। এই স্টেটে আরেকজন মুসলান সিনেটর সম্প্রতি নির্বাচিত হয়েছেন, তার নাম ফারুক মোঘল। তিনি মধ্যপ্রাচ্যের সন্তান। আরো উল্লেখ্য যে, সিনেটর শেখ রহমান ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারণীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।



