
বিশ্ব ডেস্ক | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরের একটি শপিং মলে গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার সিয়েলো ভিস্তা মলে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
“সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে,” পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের এ কথা জানালেও স্থানীয় গণমাধ্যমগুলো আরও এক ব্যক্তিকে আটকের খবর দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন গোলাগুলি, তার উদ্দেশ্য জানা যায়নি।
“মলে গোলাগুলি হয়। এটা আতঙ্ক সৃষ্টি করেছিল। বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। মানুষ পালাচ্ছিল,” বলেন গোমেজ।
এ ঘটনা ‘শেষ হয়নি’ জানিয়ে জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছে পুলিশ।
গোমেজ বলেছেন, “(পুলিশের) ইউনিটগুলো মল খালি করছে। তারা প্রত্যক্ষদর্শীদের জড়ো করছে। মল হওয়ায় ঘটনাস্থল বেশ বড়, তাই একটু সময় লাগছে।”
কিন্তু আহতদের ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি।
টেক্সাসের এই সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্টের দোকান, যেখানে ২০১৯ সালের ৩ অগাস্ট এক বন্দুকধারী ২৩ জনকে হত্যা করেছিল।
সপ্তাহখানেক আগে টেক্সাসের এক বাসিন্দা ওই ঘটনায় বিদ্বেষজনিত অপরাধের দায় স্বীকার করে নিয়ে নিজেকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচিয়েছেন। তবে অঙ্গরাজ্যটির করা পৃথক এক মামলায় এখনও এ অভিযুক্তের মৃত্যুদণ্ড হতে পারে।



